শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কার্যত লকডাউনের পথে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার

অনলাইন নিউজ পোর্টাল • 30 এপ্রিল 2021, 10:46 রাত • 242 বার পঠিত
কার্যত লকডাউনের পথে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার

বিধানসভার ভোট শেষ হতেই কার্যত লকডাউনের পথে হাঁটলো পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। শুক্রবার স্বাস্থ্য দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজ্যের সব স্পোর্টস কমপ্লেক্স, সুইমিং পুল, জিম, স্পা, রেস্তোঁরা, বিউটি পার্লার, সিনেমা হল বন্ধ করার নির্দেশ দিয়েছে রাজ্য।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনির্দিষ্টকালের জন্য এগুলো বন্ধ করা হয়েছে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এগুলো খোলা যাবে না। যা কার্যত লকডাউন জারির সমান।

অত্যাবশ্যকীয় পণ্য ও জরুরি পরিষেবাগুলোকে আংশিক লকডাউনের আওতার বাইরে রাখা হচ্ছে। খোলা থাকবে মুদিখানা ও ওষুধের দোকান। এছাড়া বিয়ে বাড়ির উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এদিকে বাজার-দোকান সকাল ৭টা থেকে ১০টা এবং ৩টা থেকে ৫টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে এই বিধিনিষেধ থেকে ছাড় দেওয়া হয়েছে জরুরি পরিষেবা প্রদানকারী দোকান বা ওষুধের দোকান।

জমায়েতের উপরও নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। এর পাশাপাশি, একসঙ্গে এক জায়গায় যাতে বেশি মানুষের ভিড় না হয়, তা নিশ্চিত করতে সব রকমের ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানও আপাতত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।