কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল শ্রমিকের
মোহাম্মদ খাইরুল আমিন
•
25 জানুয়ারী 2022, 10:18 দুপুর
•
342 বার পঠিত
রাজধানীর কারওয়ান বাজারের রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় মনির হোসেন (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল (সোমবার) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পান মনির। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মনিরকে ঢামেক হাসপাতালে নিয়ে যান আল আমিন নামের এক ব্যক্তি। তিনি বলেন, বিমানবন্দর স্টেশন থেকে ছেড়ে আসা কমলাপুর স্টেশনগামী একটি ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। মনির হোসেন কারওয়ান বাজারের কাঁচামালের আড়তে কাজ করতেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী।