কারারক্ষী ,ইয়াবাসহ সহকর্মীকে ধরিয়ে দিলেন পুলিশের হাতে
অনুপ্রাণিত হয়ে সহকর্মীকে ইয়াবাসহ ধরে পুলিশে সোপর্দ করলেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের একজন কারারক্ষী।
গত বৃহস্পতিবার রাতে কারাফটকে দায়িত্ব পালনকালে এমন প্রশংসনীয় কাজটি করেছেন কারারক্ষী আতিকুর রহমান। তিনি সহকর্মী পিন্টু মিয়াকে ৩২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ- জিএমপি কোনাবাড়ী থানায় সোপর্দ করেছেন।
আটক পিন্টু মিয়া (৩০) বগুড়া জেলার সোনাতলা থানার পূর্ব টেকয়ানী গ্রামের আব্দুল ওয়াহিদের ছেলে। বৃহস্পতিবার রাত ৮টার কিছু আগে কারাগারের মূলফটক দিয়ে ভেতরে প্রবেশ করছিলেন কারারক্ষী পিন্টু মিয়া। তখন তার ডিউটি ছিল না। প্রবেশকালে পিন্টুর গতিবিধি সন্দেহ হলে চেক পোস্টে দায়িত্বরত কারারক্ষী আতিকুর রহমান তাকে চ্যালেঞ্জ করেন। পরে পিন্টুর দেহ তল্লাশিকালে প্যান্টের ডান পাশের পকেটে ৩২৮ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তখন তাকে আটক করে বিষয়টি তৎক্ষণাত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন আতিকুর। পরে কোনাবাড়ী থানায় খবর দেয়া হলে পুলিশ গিয়ে ইয়াবাগুলো জব্দতালিকাভূক্ত করে কারারক্ষী পিন্টুকে রাত ৯টার দিকে থানায় নিয়ে যায়।