শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কারামুক্তি পেলেও হাসপাতালে আছেন সম্রাট

মোহাম্মদ খাইরুল আমিন • 11 মে 2022, 06:03 বিকাল • 279 বার পঠিত
কারামুক্তি পেলেও হাসপাতালে আছেন সম্রাট

সব মামলায় জামিন পাওয়া যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন সম্রাট মুক্তি  পেয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি কারা তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন ছিলেন। বুধবার বিকেলে সেখানে তার মুক্তির আনুষ্ঠানিকতা সারা হয়।

কারাগার থেকে মুক্তি মিলেছে। কিন্তু হাসপাতাল ছাড়েননি সম্রাট। তাকে হাসপাতালের 'ডি' ব্লকের সিসিইউতে ভর্তি রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার আব্দুস সেলিম।

তবে এখন থেকে সম্রাট আর কারা কর্তৃপক্ষের অধীন নন। তিনি হাসপাতাল কর্তৃপক্ষের অধীনে। 

মোট চারটি মামলা ছিল সম্রাটের বিরুদ্ধে। এর তিনটিতে তিনি আগেই জামিন পেয়েছিলেন। বাকি ছিল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় জামিন পাওয়া। আজ বুধবার সকালে সেটিও পেয়ে যান সম্রাট। তাতে তার মুক্তির পথ খুলে যায়। 

তিন শর্তে জামিন পেয়েছেন সম্রাট। ১. আদালতের অনুমতি ছাড়া দেশ ত্যাগ করতে পারবে না। ২. পার্সপোর্ট জমা দিতে হবে এবং ৩. স্বাস্থ্যগত পরীক্ষার প্রতিবেদন আগামী ধার্য তারিখে জমা দিতে হবে। ১০ হাজার টাকা মুচলেকায় ৯ জুন পর্যন্ত সম্রাটের জামিন মঞ্জুর করা হয়েছে। 

ক্যাসিনো কেলেঙ্কারিতে খুব আলোচিত হয়েছিলেন সম্রাট। 

দুদকের মামলার অভিযোগ থেকে জানা যায়, সম্রাটের বিরুদ্ধে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২০১৯ সালের ১২ নভেম্বর তার বিরুদ্ধে মামলাটি করেন দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম। ২০২০ সালের ২৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

২০১৯ সালের ৬ অক্টোবর ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাকে নিয়ে দুপুর দেড়টার দিকে তার কাকরাইলের কার্যালয়ে অভিযান চালানো হয়। সেখান থেকে বিদেশি মদ, পিস্তল ও বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয়। 
 
পরে বন্যপ্রাণীর চামড়া রাখার দায়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। ওই দিনই রাত পৌনে ৯টার দিকে সম্রাটকে কারাগারে নেওয়া হয়।