শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কানাডায় তীব্র গরমে মৃতের সংখ্যা বেড়ে ১৩৪ জনে দাঁড়িয়েছে

অনলাইন নিউজ পোর্টাল • 30 জুন 2021, 06:06 বিকাল • 303 বার পঠিত
কানাডায় তীব্র গরমে মৃতের সংখ্যা বেড়ে ১৩৪ জনে দাঁড়িয়েছে

কানাডায় অভূতপূর্ব তাপমাত্রা ও তীব্র গরমে মৃতের সংখ্যা ১৩৪ জনে দাঁড়িয়েছে। এর আগে প্রাথমিক ভাবে এই সংখ্যা ৬৯ বলে জানানো হয়েছিল। পুলিশ বলছে, হঠাৎ করে তীব্র গরমের কারণে এসব মানুষ মারা গেছেন।

পুলিশ জানিয়েছে, গত শুক্রবার থেকে তারা ১৩০ জনেরও বেশি মানুষের ‘হঠাৎ মৃত্যুর’ খবর পেয়েছে। মৃতদের বেশিরভাগই বয়স্ক এবং স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন। মৃত্যুর কারণ হিসেবে চলমান তীব্র গরমই দায়ী বলে মনে করছেন তারা।

কানাডার আবহাওয়া অধিদপ্তর জানায়, ভ্যানকুভার থেকে ২৫০ কিলোমিটার পূর্বের লাইটনে তাপমাত্রার পারদ পৌঁছেছিল ১২১ ডিগ্রি ফারেনহাইট বা ৪৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।

ভ্যানকুভারের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে কয়েক দিন ধরে তাপমাত্রা ৮৬ ডিগ্রি ফারেনহাইটের উপরে ছিল, যা চলতি মৌসুমে স্বাভাবিকের তুলনায় প্রায় ২০ ডিগ্রি বেশি। আর্দ্র বাতাসের কারণে মঙ্গলবার তাপমাত্রা অনুভূত হয় ১১১ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত।

দাবদাহের কারণে ভ্যানকুভারে সব শিক্ষা প্রতিষ্ঠান ও করোনাভাইরাস প্রতিরোধী টিকা কার্যক্রম বন্ধ রয়েছে।

চলতি সপ্তাহজুড়ে ব্রিটিশ কলাম্বিয়া, অ্যালবার্টা, সাসকাচোয়ানের আংশিক, মানিটোবা, ইউকোন ও উত্তর-পশ্চিমাঞ্চলে বিপজ্জনক তাপমাত্রা অব্যাহত থাকবে বলে সতর্কতা জারি করেছে।