শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কানাডায় মা-বাবাসহ ৪ জনকে হত্যা, যুবকের যাবজ্জীবন

অনলাইন নিউজ পোর্টাল • 07 নভেম্বর 2020, 03:00 দুপুর • 424 বার পঠিত
কানাডায় মা-বাবাসহ ৪ জনকে হত্যা, যুবকের যাবজ্জীবন

বাবা-মাসহ পরিবারের চার সদস্যকে গলা কেটে হত্যার দায়ে বাংলাদেশি বংশোদ্ভূত তরুন মিনহাজ জামানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কানাডার একটি আদালত। একই সঙ্গে আগামী ৪০ বছর তার প্যারোল রহিত করা হয়েছে।

শুক্রবার নিউমার্কেটের সুপিরিয়র কোর্ট জাস্টিন মিশেল ফুয়ের্সট এই রায় ঘোষণা করেন।

টরোন্টোভিত্তিক বাংলা সংবাদমাধ্যম নতুন দেশ জানায়, লিন্ডসে অন্টারিওর একটি কারেকশন সেন্টারে অবস্থানরত মিনহাজ ভিডিওর মাধ্যমে রায় শোনেন।

রায় ঘোষণার সময় সে নির্বিকার ছিল এবং কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেনি বলে কানার সংবাদমাধ্যমগুলো জানায়।

গত বছরের ২৮ জুলাই মারখামের একটি বাডিতে মিনহাজ তার বাবা মনিরুজ্জামান, মা মমতাজ বেগম, বোন মেলিসা জামান এবং বাংলাদেশ থেকে বেড়াতে আসা নানী ফিরোজা বেগমকে গলা কেটে খুন করে। গত ২৪ সেপ্টেম্বর আদালতে সে খুন করার দায় স্বীকার করে।

রায় ঘোষণা করতে গিয়ে বিচারক বলেন, গলা কেটে একজন মানুষের প্রাণ কেড়ে নেয়ার মতো নিষ্ঠুরতম আর কোনো কাজ হতে পারে না। মিনহাজ জামান কয়েক ঘণ্টার ব্যবধানে চার চারবার এই নৃশংসতম কাজটি করেছে।

মিনহাজ জামান যখন প্যারোলে কারাগারের বাইরে আসার সুযোগ পাবে তখন তার বয়স হবে ৬৪ বছর।