কানাডার প্রধানমন্ত্রীর বাসভবনের কাছ থেকে সেনা সদস্য গ্রেফতার
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বাসভবনের কাছ থেকে এক সশস্ত্র সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে ওই সেনা সদস্য তার গাড়ি ব্যবহার করে অটোয়ার রিদাউ হলের মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে। ওই সেনা সদস্য কেন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন এলাকায় প্রবেশ করেছিলো সে সম্পর্কে এখনো কোনো তথ্য জানানো হয় নি। এছাড়া গ্রেফতার হওয়া ব্যক্তির নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি।
কানাডার নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সাড়ে ৮টার সময় তাকে গ্রেফতার করা হয়ে। আপাতত তিনি পুলিশের হেফাজতে রয়েছেন। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ওই সেনা সদস্য গাড়ি নিয়ে সংশ্লিষ্ট এলাকায় ঢুকে পড়েন। একপর্যায়ে তার গাড়ি নষ্ট হয়ে গেলে তিনি পায়ে হেঁটে এগিয়ে যেতে থাকেন। এরপর পুলিশ তাকে আটক করে ফেলে।
ঘটনার সময় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার পরিবার সরকারি বাসভবনে ছিলেন না। এছাড়া ওই সরকারি বাসভবনে গভর্নর জেনারেল জুলি পায়েটও বাস করেন। ঘটনার সময়ে তিনিও সেখানে উপস্থিত ছিলেন না।
দ্য রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানান, সন্দেহভাজন ওই ব্যক্তি কানাডার সশস্ত্র বাহিনীর একজন সদস্য ছিলো। যত তাড়াতাড়ি সম্ভব তার পরিচয় শনাক্ত করা হবে জানানো হয়। ঘটনাটি তদন্ত করতে কানাডার সশস্ত্র বাহিনীর সঙ্গে মিলে যত দ্রুত সম্ভব কাজ করবেন তারা।
সরকারি বাসভবনের ওই ঘটনা দ্রুত সামলে নেয়ার জন্য এক টুইটার পোস্টে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন গভর্নর জেনারেল জুলি পায়েট। তিনি লেখেন, রিদাউ হলের পরিস্থিতি দ্রুত সমাধানের জন্য আরসিএমপি ও পুলিশকে আমি ধন্যবাদ জানাচ্ছি।