শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি আজ সন্ধ্যায় ঢাকায় আসছেন

ওএনপি২৪ নিউজ ডেস্ক • 03 মে 2025, 02:36 দুপুর • 220 বার পঠিত
কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি আজ সন্ধ্যায় ঢাকায় আসছেন

ঢাকা, ৩ মে, ২০২৫ (বাসস): কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি পল থোপিল আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছাচ্ছেন। তিনি চার দিনের এই সফরে নেতৃত্ব দেবেন। সফরের কার্যক্রম রোববার থেকে শুরু হবে। বাংলাদেশ সফরকালে থোপিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যগণ, অন্যান্য অংশীজন এবং বেসরকারি খাতের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে ঢাকাস্থ কানাডীয় হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এই সফরের মাধ্যমে তিনি বাংলাদেশের চলমান গণতান্ত্রিক সংস্কার এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য কানাডার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন। এছাড়া, ইন্দো-প্যাসিফিক কৌশল এবং এই অঞ্চলে কানাডার সক্রিয় সম্পৃক্ততা তুলে ধরবেন এবং বাংলাদেশ ও কানাডার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্প্রসারণের উপায় চিহ্নিত করবেন।

থোপিল, কানাডা ও বাংলাদেশের দীর্ঘদিনের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক এবং জনগণের পারস্পরিক সম্পর্কের প্রতিফলন হিসেবে কিছু গুরুত্বপূর্ণ বেসরকারি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন।

বাংলাদেশ ও কানাডার বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক ক্রমবর্ধমান, এবং বাংলাদেশ একটি দ্রুত বর্ধনশীল বাজার হিসেবে কানাডার জন্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার হয়ে উঠেছে।

কানাডা বর্তমানে বাংলাদেশে গম, ডাল, শস্য এবং যন্ত্রপাতির প্রধান রপ্তানিকারক এবং বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্রের অন্যতম বড় ক্রেতা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উভয় দেশই তথ্যপ্রযুক্তি, মহাকাশ, কৃষি ও পরিচ্ছন্ন জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে আরও গভীর অর্থনৈতিক সহযোগিতা খোঁজার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।