কালবৈশাখী ঝড়ে মা ও দুই সন্তানের মৃত্যু
দুই শিশু সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন মা। এর মধ্যে হঠাৎ ওঠা কালবৈশাখী ঝড়ে টিনশেড ঘরের ওপর গাছ ভেঙে পড়ে। তাতে চাপা পড়ে প্রাণ হারান মা ও দুই সন্তান।
এই দুর্ঘটনাটি আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে ঘটেছে সুনামগঞ্জের জগন্নাথপুরের পাটলি ইউনিয়নের সুলেমানপুর গ্রামে। নিহতরা হলেন এই গ্রামের হারুন মিয়ার স্ত্রী মৌসুমী বেগম (৩৫), ছেলে হোসাইন মিয়া (১) ও মেয়েয় মাহিমা আক্তার (৪)। ঘটনার সময় হারুন মিয়া পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, হারুন মিয়া নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে সুলেমানপুরে আছেন এক প্রবাসীর বাড়িতে। সেখানে কেয়ারটেকারের দায়িত্ব পালন করেন। স্ত্রী সন্তান নিয়েই ছিল বসবাস। কিন্তু কালবৈশাখীতে তিনি ছাড়া পরিবারের আর কেউ বাঁচলেন না।
গাছ চাপা পড়া তিনজনকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের ৩ জনকেই মৃত ঘোষণা করেন।