কাল থেকে শুরু অমর একুশে বইমেলা
করোনা মহামারির কারণে পিছিয়ে যাওয়া বাংলা একাডেমি আয়োজিত ‘অমর একুশে বইমেলা ২০২১’ স্বাস্থ্যবিধি মেনে শারীরিক উপস্থিতিতে আগামীকাল ১৮ মার্চ শুরু হবে।
বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বলেন, স্বাস্থ্যবিধি মেনে ১৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া অমর একুশে মেলা নিয়ে সব রকমের প্রস্তুতি রয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনায় মেলা কতদিন চলবে তা বলা যাবে না। পরিস্থিতি অনুসারে রাষ্ট্রীয় সিদ্ধান্ত এলে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (১৮ মার্চ) ভার্চুয়ালি বইমেলার উদ্বোধন করবেন এবং জাতির জনক শেখ মুজিবুর রহমানের লেখা ‘আমার দেখা নয়াচীন’ ইংরেজি অনুবাদ গ্রন্থ উন্মোচন করবেন। তবে করোনা সংক্রমণ বাড়লে পরিস্থিতি পর্যালোচনা করা হবে। পর্যালোচনায় ঝুঁকি বাড়ার শঙ্কা থাকলে মেলা স্থগিতও হতে পারে।
জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ বলেন, করোনা পরিস্থিতির ওপর মেলার সময়সীমা নির্ভর করছে। এটি যেহেতু রাষ্ট্রীয় বিষয়, তাই ব্যক্তিগত মত দেয়ার সুযোগ কম।
এদিকে মেলাকে কেন্দ্র করে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে দম ফেলার ফুরসত পাচ্ছেন না প্যাভিলিয়ন নির্মাণ ও স্টল সাজানোর কারিগররা।
স্টল তৈরির কারিগরদের ভাষ্য, দিন-রাত পরিশ্রম করেও প্যাভিলিয়ন নির্মাণ ও স্টল সাজানোর কাজ শেষ করা সম্ভব হচ্ছে না। তবে ১৮ তারিখের মধ্যে কাজ সম্পন্ন করার চেষ্টায় আছি।