কাজাখস্তানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ
কাজাখস্তানে জ্বালানি মূল্য বৃদ্ধির জেরে চলমান বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১২ জনেরও বেশি বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। দেশটির বৃহত্তম শহর আলমাতি’তে শৃঙ্খলা ফিরিয়ে আনার অভিযানে সরকারবিরোধী ‘দাঙ্গাকারীদের’ হত্যা করা হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।
কাজাখ পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা শহরটির একটি থানার নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করলে তারা এ পদক্ষেপ নেয়।
বিক্ষোভের সময় নিহত হয় নিরাপত্তা বাহিনীর অন্তত ১৩ সদস্য। এরমধ্যে দু’জনের মাথা কেটে নেয়া হয়েছে। এছাড়া ৩০০ জনের বেশি কর্মকর্তা আহত হয়েছেন। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বৃদ্ধির প্রতিবাদে শুরু হয় এই বিক্ষোভ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজাখ প্রেসিডেন্টের অনুরোধে সেনা পাঠাচ্ছে রাশিয়া। তাদের দেশটি স্থিতিশীল করতে মোতায়েন করা হবে। কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন (সিএসটিও) এর সদস্য হিসেবে এই সহায়তা পাচ্ছে কাজাখস্তান। এই সংস্থাটির অন্য সদস্য দেশগুলো হলো রাশিয়া, বেলারুশ, তাজিকিস্তান, কিরগিজস্তান এবং আর্মেনিয়া।
পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি জরুরি অবস্থা জারির পাশাপাশি রাত্রীকালীন কারফিউ এবং বড় জমায়েতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।