শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কাবুলে নেমেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি বিমান

অনলাইন নিউজ পোর্টাল • 31 আগস্ট 2021, 05:52 বিকাল • 259 বার পঠিত
কাবুলে নেমেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি বিমান

 

তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর প্রথমবারের মতো ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামের চালান নিয়ে সেখানে নেমেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি বিমান।

ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক আহমেদ আল মান্ধারি জানান, আফগানিস্তানের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় সরঞ্জাম পুনরায় আংশিকভাবে সরবরাহ করতে সক্ষম হবে তাদের সংস্থা। এই বিমান পৌঁছানোর মাধ্যমে ডব্লিউএইচও’র স্বাস্থ্য সেবা সচল রাখা সম্ভব হবে বলেও জানান তিনি।

ডব্লিউএইচও জানিয়েছে, সোমবার ১২ দশমিক পাঁচ টন সরবরাহ কাবুলে পৌঁছেছে। এর মাধ্যমে ২০ হাজার মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা, সাড়ে তিন হাজার সার্জারি এবং ছয় হাজার পাঁচশ’ অবসাদে ভোগা রোগীকে চিকিৎসা দেওয়া সম্ভব হবে।

এইসব স্বাস্থ্যসেবা সরঞ্জাম আফগানিস্তানজুড়ে ২৯ টি প্রদেশের ৪০ টি স্বাস্থ্যকেন্দ্রে সরবরাহ করা হবে বলে জানিয়েছে ডব্লিউএইচও।

গত শুক্রবার ডব্লিউএইচও জানায় আফগানিস্তানে তাদের মেডিক্যাল সরবরাহ কয়েক দিনের মধ্যেই শেষ হয়ে যেতে পারে। ওই সময়ে তারা আফগানিস্তানের উত্তরাঞ্চলের সঙ্গে পাকিস্তান সরকারের সহায়তায় একটি আকাশ সংযোগ স্থাপনের আশা প্রকাশ করে।

এরইমধ্যে জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলেছে, আফগানিস্তানে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে। দেশটির প্রায় এক তৃতীয়াংশ মানুষ ইতোমধ্যেই মারাত্মক খাদ্য সংকটের ঝুঁকিতে রয়েছে বলে জানায় সংস্থাটি।

তালেবান গত ১৪ অগাস্ট আফগানিস্তান দখলের পর থেকে এ পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান এবং দেশ অর্থ সহায়তা বন্ধ করেছে।

আফগানিস্তানে চলমান প্রকল্পগুলোতে সর্বশেষ তহবিল স্থগিত করেছে বিশ্ব ব্যাংক। এর আগে আরেক ঋণদাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) আফগানিস্তানে সব ধরনের সহযোগিতা স্থগিতের ঘোষণা দিয়েছিল।

তাছাড়া, যুক্তরাষ্ট্রে আফগান সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভও জব্দ হয়েছে। ফলে এই ব্যাংকের ৯শ’ কোটি ডলার রিজার্ভের বেশিরভাগই আটকা পড়ে আছে। যুক্তরাষ্ট্র তালেবানকে সেখান থেকে কোনও অর্থ তুলতে দিচ্ছে না।

বিশ্বের কয়েকটি দেশও আফগানিস্তানে ত্রাণ সহায়তা বন্ধ করেছে। এর মধ্যে আছে জার্মানি, ফিনল্যান্ড এবং সুইডেন।