কাবুলে বিদ্যুৎ লাইনে বিস্ফোরণের দায় স্বীকার আইএসের
আফগানিস্তানের কাবুলে বিদ্যুৎ সরবরাহ লাইনে বৃহস্পতিবার বিস্ফোরণ ঘটিয়ে পুরো শহরকে অন্ধকারাচ্ছন্ন করার দায় নিয়েছে ইসলামিক স্টেটের (আইএস) আফগান শাখা আইএস-খোরাসান (আইএস-কে)।
শুক্রবার আইএস তাদের এক টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, কাবুলে বিদ্যুৎ সরবরাহ ক্ষতিগ্রস্থ করতে খেলাফতের সৈন্যরা কয়েকটি বিদ্যুতের খুটিতে বোমা বিস্ফোরণ ঘটায়।
জানা গেছে, ওই বিস্ফোরণে হাই ভোল্টেজের একটি বিদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে কাবুল ছাড়াও তার আশেপাশে কয়েকটি প্রদেশে বিদ্যুৎ সরবরাহ করা হতো।
আফগানিস্তানের বিদ্যুৎব্যবস্থা অনেকাংশে নির্ভরশীল আমদানি করা বিদ্যুতের ওপর। মূলত উত্তরাঞ্চলীয় প্রতিবেশী দেশ তাজিকিস্তান ও উজবেকিস্তান থেকে বিদ্যুৎ আমদানি করে দেশটি। এ কারণে মাঠে- ঘাটে বিদ্যুৎ লাইনে সহজে হামলা চালাতে পারে সন্ত্রাসীরা।
কাবুলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় দেশকে স্থিতিশীল রাখার তালেবানের প্রচেষ্টার ওপর আরো একটি আঘাত।
১৫ আগস্ট কাবুল পতনের মধ্য দিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এরপর থেকে আফগানিস্তানজুড়ে বেশ কয়েকটি সহিংস হামলা চালিয়ে তালেবানকে উদ্বেগে ফেলেছে আইএস-কে।