জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
জ্বালানি তেল ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম বৃদ্ধির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট ইউনুছ আলী আকন্দ আজ এ রিট দায়ের করেন।
বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে জানান রিট দায়েরকারী আইনজীবী।
তিনি জানান, রিটে তেলের দাম বৃদ্ধি করে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা গত ৫ আগষ্টের গেজেট স্থগিত ও বাতিল চাওয়া হয়েছে।
জ্বালানি সচিব, জ্বালানি উপ-সচিব ও বিইআরসির চেয়ারম্যানকে রিটে বিবাদী করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট শুক্রবার মধ্যরাতে সরকার জ্বালানি তেলের রেকর্ড মূল্য বৃদ্ধি করে। এদিন ডিজেল ও কেরোসিনের মূল্য লিটারে ৩৪ টাকা বাড়ানো হয়। ৮০ টাকা থেকে তা ১১৪ টাকা করা হয়। অকটেন লিটারে ৪৬ টাকা বাড়িয়ে ৮৯ থেকে ১৩৫ টাকা করা হয়। এবং পেট্রল লিটারে ৪৪ টাকা বাড়িয়ে ৮৬ থেকে ১৩০ টাকা করা হয়।