শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

জুলাইয়ে প্রকল্পের এক টাকাও খরচ করতে পারেনি ১২ মন্ত্রণালয় ও বিভাগ

ওএনপি২৪ নিউজ ডেস্ক • 18 আগস্ট 2025, 08:22 রাত • 240 বার পঠিত
জুলাইয়ে প্রকল্পের এক টাকাও খরচ করতে পারেনি ১২ মন্ত্রণালয় ও বিভাগ

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে উন্নয়ন প্রকল্পে এক টাকাও খরচ করতে পারেনি দেশের ১২টি মন্ত্রণালয় ও বিভাগ। মাসজুড়ে কোনো ব্যয় দেখানো হয়নি এসব প্রকল্পে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রকাশিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এসব মন্ত্রণালয় ও বিভাগে মোট ১৩০টি প্রকল্পে প্রায় ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৮ হাজার ১৯০ কোটি টাকা বরাদ্দ পেয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়, যার ৫৯টি প্রকল্পে জুলাইয়ে কোনো ব্যয় হয়নি। স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের ১৪টি প্রকল্পে ৪ হাজার ৮০৯ কোটি টাকা, আর ধর্ম মন্ত্রণালয়ের ছয়টি প্রকল্পে ১ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ থাকলেও জুলাইয়ে এক টাকাও খরচ হয়নি।

প্রকল্প খাতে ব্যয় না হওয়া মন্ত্রণালয় ও বিভাগগুলো হলো—পানিসম্পদ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ, ধর্মবিষয়ক, জননিরাপত্তা বিভাগ, পার্বত্যবিষয়ক, মুক্তিযুদ্ধবিষয়ক, প্রতিরক্ষা, পররাষ্ট্র, আইএমইডি, সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সংসদবিষয়ক সচিবালয়।

এদিকে জুলাই মাসে সামগ্রিক এডিপি বাস্তবায়নের হার দাঁড়িয়েছে মাত্র ০.৬৯ শতাংশ, যা গত আট বছরের মধ্যে সর্বনিম্ন। এ সময়ে ব্যয় হয়েছে মাত্র ১ হাজার ৬৪৪ কোটি টাকা, যা গত বছরের তুলনায় প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা কম।

চলতি অর্থবছরে ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি টাকার এডিপি অনুমোদন দেওয়া হয়েছে, যার আওতায় ১ হাজার ১৯৮টি প্রকল্প বাস্তবায়ন চলছে।

গতকাল রোববার একনেক সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “জুলাইয়ে এডিপি বাস্তবায়ন হয়েছে ১ শতাংশেরও কম, যা গ্রহণযোগ্য নয়। এবার কোনো অজুহাত গ্রহণ করা হবে না।”