শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

জুলাই সনদের আইনি ভিত্তিতে বিএনপির আপত্তি নেই: সালাহ উদ্দিন

মোহাম্মদ খাইরুল আমিন • 30 জুলাই 2025, 10:50 রাত • 349 বার পঠিত
জুলাই সনদের আইনি ভিত্তিতে বিএনপির আপত্তি নেই: সালাহ উদ্দিন

জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব অনুযায়ী জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার বিষয়ে বিএনপির কোনও দ্বিমত নেই বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। পাশাপাশি, কমিশনের প্রস্তাবিত দুই বছরের সময়সীমা নিয়েও বিএনপি একমত বলে জানান তিনি।

বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের দ্বিতীয় দফার ২২তম দিনের বৈঠকের বিরতিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন সালাহ উদ্দিন আহমেদ।

তিনি জানান, কমিশনের দেওয়া ৮২৬টি প্রস্তাবের মধ্যে বেশিরভাগের সঙ্গেই বিএনপি একমত হয়েছে। তবে ৫১টি প্রস্তাবে দলটি দ্বিমত পোষণ করেছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আলাপ-আলোচনার মাধ্যমে এসব দ্বিমতেরও সমাধান সম্ভব।

সালাহ উদ্দিন বলেন, “আমরা শুরু থেকেই কমিশনকে সহযোগিতা করে আসছি। বাংলাদেশে যাতে আর কোনও স্বৈরাচার বা ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, সেটি সাংবিধানিক বা সংসদীয় প্রক্রিয়ায় প্রতিরোধ করা জরুরি।”

তিনি আরও জানান, জাতীয় সনদ ৩১ জুলাইয়ের মধ্যে স্বাক্ষর করার কথা থাকলেও এখনো সে বিষয়ে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি।

নারী আসন প্রসঙ্গে বিএনপি মত দিয়েছে নারী আসন সংখ্যা ১০০ করা যেতে পারে। এর মধ্যে ৫০টি আগের মতো সংরক্ষিত থাকবে। সরাসরি নির্বাচনের কথা মাথায় রেখে প্রাথমিকভাবে ৫ শতাংশ আসনে নারী মনোনয়ন দেওয়া এবং পরবর্তী নির্বাচনে তা ১০ শতাংশে উন্নীত করার প্রস্তাবও দেওয়া হয়েছে, যাতে পর্যায়ক্রমে নারীদের প্রতিনিধিত্ব বাড়ে।

তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে সালাহ উদ্দিন বলেন, “সংবিধানের ৫৮-এর ক ও খ ধারা অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের বিধান যেন কেউ পরিবর্তন করতে না পারে— আমরা সেটাই চাই।”

বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “গণমাধ্যমকে স্বাধীন করতে চাই। গণমাধ্যম ফোর্থ স্টেট হবে না, হবে ফার্স্ট স্টেট।”

বিএনপি নেতা জানান, জাতীয় ঐকমত্য কমিশনের আগে ৬টি বড় সংস্কার কমিশন গঠন হয়েছিল। সেগুলো হচ্ছে— নির্বাচন, বিচার বিভাগ, জনপ্রশাসন, দুদক এবং পুলিশ সংস্কার কমিশন। এসব বিষয়ে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল আলাদাভাবে লিখিত মতামত দিয়েছে।

তিনি বলেন, “ছয়টি কমিশনের মধ্যে সংবিধান সংস্কার কমিশন এককভাবে পাঁচ খণ্ডে প্রায় ১,০০০ পৃষ্ঠার বেশি একটি প্রতিবেদন দিয়েছে। প্রথম খণ্ডে মৌলিক সুপারিশগুলো স্থান পেয়েছে। প্রতিটি সুপারিশের ভিত্তিতে বিএনপি তাদের অবস্থান পরিষ্কারভাবে দফাওয়ারি মতামত হিসেবে দিয়েছে।”

তবে সংস্কার কমিশনের প্রস্তাবিত ১৬৬টি সুপারিশসংবলিত একটি স্প্রেডশিট বিএনপি গুরুত্ব দেয়নি। কারণ এতে বিভ্রান্তির সুযোগ ছিল বলে তিনি জানান। বিএনপি সেই স্প্রেডশিট উপেক্ষা করে পূর্ণাঙ্গ রিপোর্টের ভিত্তিতে সুপারিশগুলোতে একমত, দ্বিমত কিংবা আংশিক মতামত জানিয়েছে।

সালাহ উদ্দিন জানান, সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ ছিল ১৩২টি, দুদকের ৪৭টি, প্রশাসনের ২০৮টি, বিচার বিভাগের ৮৯টি, নির্বাচন ব্যবস্থার ২৪৩টি এবং পুলিশ কমিশনের ১০৮টি— সব মিলিয়ে মোট ৮২৬টি প্রস্তাব উঠে এসেছে।

তিনি বলেন, এসব বিষয়ে বড় ধরনের মতানৈক্য নেই। ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবি উল্লাহ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার একাংশের চেয়ারম্যান খন্দকার লুৎফুর রহমান এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক দলের (এনডিএম) মহাসচিব মোমিনুল আমিন।