শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

জুলাই শহীদ-আহতদের তালিকায় বিতর্কিত নাম, যাচাই-বাছাই শুরু সরকারের

ওএনপি২৪ নিউজ ডেস্ক • 22 আগস্ট 2025, 12:40 দুপুর • 234 বার পঠিত
জুলাই শহীদ-আহতদের তালিকায় বিতর্কিত নাম, যাচাই-বাছাই শুরু সরকারের

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকায় বিতর্কিত নাম অন্তর্ভুক্ত হওয়ায় তালিকা পুনঃযাচাই শুরু করেছে সরকার। গেজেটে প্রশ্নবিদ্ধ নাম যুক্ত হওয়ায় সমালোচনার মুখে পড়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ইতিমধ্যে দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) যাচাইয়ের নির্দেশ দিয়েছে।

সরকারের নীতিনির্ধারকেরা জানিয়েছেন, আন্দোলনে অংশ না নেওয়া সত্ত্বেও তালিকায় কিছু নাম অন্তর্ভুক্ত হয়েছে। যাচাই শেষে ভুয়া নাম বাদ দিয়ে নতুন গেজেট প্রকাশ করা হবে।

২০২৫ সালের জানুয়ারিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হিসেবে ৮৩৪ জনের তালিকা প্রকাশ করে। পরবর্তী সময়ে আরও ১০ জনের নাম যুক্ত হয়। তবে চলতি বছরের ৩ আগস্ট আটজনের নাম বাদ দেওয়া হয়, যাদের মধ্যে চারজনের নাম ছিল দ্বৈতভাবে, আর বাকি চারজন আন্দোলনে যুক্ত ছিলেন না। বর্তমানে শহীদের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩৬ জন।

আহতদের তালিকাতেও অনিয়মের অভিযোগ উঠেছে। প্রথম তালিকায় নাম ছিল ১২ হাজার ৪৩ জনের, পরে আরও ১ হাজার ৭৫৭ জন যুক্ত হয়। সরকারি হিসেবে মোট আহতের সংখ্যা এখন ১৩ হাজার ৮০০। কিন্তু অভিযোগ রয়েছে, প্রকৃত আহত না হয়েও অনেকের নাম তালিকায় ঢুকে পড়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জুলাই গণ-অভ্যুত্থান শাখার প্রধান যুগ্ম সচিব মোহাম্মদ ফারুক হোসেন বলেন, ‘কিছু জেলা থেকে তথ্য এসেছে। সব জেলার প্রতিবেদন পেলে তালিকা পুনর্বিবেচনা করা হবে। আন্দোলনে যুক্ত না থেকেও যারা অন্তর্ভুক্ত হয়েছেন, তাদের নাম বাদ দেওয়া হবে।’

বিতর্কিত তালিকার মধ্যে যশোরের হোটেল জাবির ইন্টারন্যাশনালে অগ্নিকাণ্ডে নিহত ২৪ জনের নাম বিশেষ আলোচনায় রয়েছে। হোটেলটি ছিল যশোর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের মালিকানাধীন। স্থানীয়ভাবে এ নিয়ে মতবিরোধ থাকায় ওই ২৪ জনের সঞ্চয়পত্র সুবিধা আপাতত স্থগিত রাখা হয়েছে।

সরকার প্রতিটি শহীদ পরিবারের জন্য এককালীন ৩০ লাখ টাকা এবং মাসিক ২০ হাজার টাকা ভাতা দিচ্ছে। তবে বিতর্কিত নামগুলো যাচাই না হওয়া পর্যন্ত চূড়ান্ত সুবিধা দেওয়া হবে না।

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আশা করছে, যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত শহীদ ও আহতদের সঠিক স্বীকৃতি নিশ্চিত হবে এবং বিতর্ক দূর হবে।