শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

জুলাই আন্দোলনে আহতদের জন্য বাড়লো হাসপাতালে খাবারের বরাদ্দ

মোহাম্মদ খাইরুল আমিন • 05 মার্চ 2025, 11:53 রাত • 179 বার পঠিত
জুলাই আন্দোলনে আহতদের জন্য বাড়লো হাসপাতালে খাবারের বরাদ্দ

গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খাবারের গুণগত মান বৃদ্ধি করতে বরাদ্দ বাড়িয়েছে সরকার। গত ২৪ ফেব্রুয়ারি অর্থ বিভাগ থেকে বরাদ্দ বাড়ানোর জন্য পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দেশের সব সরকারি হাসপাতালে নতুন নির্দেশনা পাঠিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয় অতিরিক্ত বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠায় এবং ২ মার্চ এর প্রেক্ষিতে বরাদ্দ বাড়ানোর একটি চিঠি ইস্যু করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহাদাত হোসেন কবির সই করা এই চিঠিতে উল্লেখ করা হয়, আহত রোগীদের খাবারের গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে তাদের পথ্য বরাদ্দ জনপ্রতি ১৭৫ টাকার পরিবর্তে ২৫০ টাকা করা হয়েছে।

তবে, এই বরাদ্দের জন্য নির্দিষ্ট শর্ত রয়েছে। নির্দেশনায় বলা হয়েছে যে, এই বরাদ্দ শুধুমাত্র জুলাই-আগস্ট আন্দোলনে আহত রোগীদের জন্য প্রযোজ্য হবে এবং কোনো অন্য ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আগামী ৩০ জুন পর্যন্ত এই বরাদ্দ কার্যকর থাকবে এবং সরকারি আদেশ জারির পর থেকে তা অনুসরণ করতে হবে।

উল্লেখ্য, ২০২২ সালে সরকার এক পরিপত্র জারি করে রোগীদের খাবারের বরাদ্দ ১২৫ টাকা থেকে বাড়িয়ে ১৭৫ টাকা করেছিল, যার মধ্যে তিন বেলা খাবার দেওয়া হয়। এবার, নতুন বরাদ্দ বৃদ্ধির প্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয় আশা করছে, চিকিৎসাধীন রোগীদের খাবারের মান আরও উন্নত হবে।