শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

জো বাইডেনের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বৈঠক

অনলাইন নিউজ পোর্টাল • 18 এপ্রিল 2021, 01:01 দুপুর • 582 বার পঠিত
জো বাইডেনের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউসে এক বৈঠকে মিলিত হন দুই শীর্ষ নেতা। এ সময় ঐক্যবদ্ধভাবে চীনের চ্যালেঞ্জ মোকাবিলার অঙ্গীকার করেন তারা।

জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর হোয়াইট হাউসে বিদেশি কোনও রাষ্ট্র বা সরকারপ্রধানের সঙ্গে এটিই তার প্রথম বৈঠক। বৈঠকে চীনের পাশাপাশি বেইজিং-এর মিত্র উত্তর কোরিয়ার চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রেও একযোগে কাজ করার অঙ্গীকার করেন দুই নেতা।

করোনাভাইরাস, জলবায়ু পরিবর্তন, টোকিও অলিম্পিক, চীনের জিনজিয়াংয়ে উইঘুর মুসলমানদের ওপর নির্যাতন এবং তাইওয়ান পরিস্থিতির মতো বিষয়গুলো নিয়েও কথা বলেন বাইডেন-সুগা। পূর্ব চীন ও দক্ষিণ চীন সাগর ইস্যুতে একযোগে কাজ করতে সম্মত হয় দুই দেশ।

বিশ্বজনীন ভ্যাকসিন উদ্যোগ, ফাইভজি নেটওয়ার্ক, কৃত্রিম গোয়েন্দাবৃত্তি এবং কোয়ান্টাম কম্পিউটিংসহ নুতন প্রযুক্তি উন্নয়নে একযোগে কাজ করার ব্যাপারেও একমত হয়েছেন বাইডেন ও সুগা। বিদ্যমান করোনা পরিস্থিতির মধ্যেও জাপানে গ্রীষ্মকালীন অলিম্পিক এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন দুই নেতা।

হোয়াইট হাউসে অনুষ্ঠিত এই আলোচনাকে অত্যন্ত ফলপ্রসূ হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠক শেষে জাপানি প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, মানবাধিকার ও আইনের শাসনের মতো মূল্যবোধগুলোর ক্ষেত্রে দুই দেশ প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে শনিবার ওয়াশিংটনে অবস্থিত চীনের দূতাবাস থেকে এক কড়া বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বেইজিং বাইডেন ও সুগার যৌথ বিবৃতির দৃঢ় বিরোধীতা করছে এবং তাইওয়ান, হংকং ও জিনজিয়াং চীনের অভ্যন্তরীণ বিষয়।