শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

জনতা ব্যাংকের লোকসানে প্রশ্ন উঠেছে ভবিষ্যৎ কার্যক্রম নিয়েও

মোহাম্মদ খাইরুল আমিন • 11 জুন 2025, 09:49 রাত • 210 বার পঠিত
জনতা ব্যাংকের লোকসানে প্রশ্ন উঠেছে ভবিষ্যৎ কার্যক্রম নিয়েও

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক পিএলসি ২০২৪ সালে নিট সুদ লোকসানের কারণে ভয়াবহ আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছে। ব্যাংকটির সর্বশেষ প্রকাশিত আর্থিক বিবরণী অনুযায়ী, ২০২৪ সালে ব্যাংকটির মোট লোকসান দাঁড়িয়েছে ৩ হাজার ৬৬ কোটি টাকায়। অথচ ২০২৩ সালে ব্যাংকটি ৬২ কোটি টাকার মুনাফা করেছিল।

ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৩২ টাকা ৫১ পয়সা। এর আগের বছর শেয়ারপ্রতি আয় ছিল ২ টাকা ৬৮ পয়সা। এই বিপর্যয়ের মূল কারণ হিসেবে চিহ্নিত হয়েছে নিট সুদ আয় ব্যাপকভাবে নেতিবাচক হয়ে পড়া। বছরজুড়ে জনতা ব্যাংকের নিট সুদ লোকসান হয়েছে ৩ হাজার ৪২ কোটি টাকা, যেখানে ২০২৩ সালে এই খাতে আয় ছিল ২৮২ কোটি ৩২ লাখ টাকা।

এছাড়া ব্যাংকের শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো কমে ঋণাত্মক ১০২ টাকা ৮৭ পয়সায় দাঁড়িয়েছে, যা ২০২৩ সালে ছিল ৩১ টাকা ২১ পয়সা। এমন আর্থিক অবস্থার কারণে ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০২৪ সালের জন্য কোনও লভ্যাংশ ঘোষণা করেনি।

উল্লেখ্য, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত জনতা ব্যাংক ২০০৭ সালের ১৫ নভেম্বর থেকে ‘জনতা ব্যাংক পিএলসি’ নামে করপোরেট রূপে কার্যক্রম চালাচ্ছে। ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট অনুযায়ী, আমানত ও সম্পদের পরিমাণ বিবেচনায় এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক।

তবে এমন রেকর্ড পরিমাণ লোকসান ব্যাংকটির আর্থিক স্থিতিশীলতা ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ব্যাংক খাতের বিশেষজ্ঞদের মতে, জনতা ব্যাংকের পরিচালন দক্ষতা, ঋণ ব্যবস্থাপনা এবং সুদ আয় বৃদ্ধির লক্ষ্যে জরুরি ভিত্তিতে কার্যকর কৌশল গ্রহণ করা এখন সময়ের দাবি।