জন্মের পরই আইডি নম্বর পাবে শিশু
দেশে জন্মের পর প্রতিটি শিশু ১০ ডিজিটের পরিচিতি নম্বর পাবে। নতুন বছরের প্রথম দিন থেকে এই কাজ শুরু হবে।
ওই ইউনিক আইডি নম্বর বহাল রেখেই একটি শিশুর বয়স ১০ বছর পূর্ণ হলেই তাকে এনআইডি কার্ড দেওয়া হবে। ১০ বছর পূর্ণ না হলে একটি শিশুর আঙুলের ছাপসহ অন্যান্য বায়োমেট্রিক পূর্ণতা পায় না বলেই এনআইডি কার্ড পেতে তাকে অপেক্ষায় থাকতে হবে। তবে ইউনিক আইডি নম্বরের মাধ্যমে ১০ বছরের নিচের শিশুরা এনআইডির সুবিধা ভোগ করতে পারবে।
রবিবার নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি উইং) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, ‘এক বছর ধরে এ বিষয়ে আমাদের প্রস্তুতি চলছে। আমরা এখন প্রস্তুত। আশা করছি, নতুন বছরের শুরুর দিন থেকেই ইউনিক আইডির কাজ শুরু হয়ে যাবে। ’
এনআইডি উইংয়ের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, গত ২ জানুয়ারি এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জন্ম ও মৃত্যু নিবন্ধন কর্তৃপক্ষের সঙ্গে এনআইডি উইংয়ের চুক্তি হয়েছে। ইউআইডির জন্য জাতীয় পরিচয় নিবন্ধন সিস্টেম ও জন্ম নিবন্ধন সিস্টেম দুটি জাতীয় পরিচয়পত্রের ইউআইডি সিস্টেমের সঙ্গে যুক্ত থাকবে।
এরই মধ্যে যাদের বয়স ১৮ বছরের ওপরে অর্থাৎ যারা নিবন্ধিত হয়েছেন, তাদের ইউআইডি নম্বর তৈরি হয়ে গেছে। যাদের বয়স ১৮ বছরের নিচে এবং যারা এখনো ভোটার হিসেবে নিবন্ধিত হয়নি তাদের নির্ধারিত পদ্ধতিতে ইউআইডি দেওয়া হবে।