জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন
নোয়াখালীতে ভাইয়ের হাতে ভাইয়ের খুন হওয়ার অভিযোগ উঠেছে। কবিরহাট উপজেলায় জমির বিরোধকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
কবিরহাট থানা সূত্রে জানা যায়, ঘোষবাগ ইউনিয়নের নবাবপুর গ্রামে শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে। মৃত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৪৫)। অভিযুক্তের নাম আব্দুল হাই। তারা মৃত আব্দুল গফুরের ছেলে।
কবিরহাট থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, পারিবারিক জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে দেলোয়ার ও হাইয়ের মধ্যে বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যায় এ নিয়ে দুজনের বিতণ্ডা হয়। এক সময় দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়।
এর এক পর্যায়ে লাঠি দিয়ে হাই আঘাত করেন দেলোয়ারের মাথায়। দেলোয়ার তাতে অচেতন হয়ে পড়ার পর তার পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দেলোয়ারের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।