শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

জমি নিয়ে বিরোধ: কক্সবাজারে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

অনলাইন নিউজ পোর্টাল • 20 জানুয়ারী 2021, 10:41 দুপুর • 230 বার পঠিত
জমি নিয়ে বিরোধ: কক্সবাজারে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

জমি নিয়ে বিরোধের জেরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে কক্সবাজার সদরের ঈদগাও থানার ইসলামাবাদ ইউনিয়নের উত্তর লরাবাগ চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাশেদা বেগম (৩২), তিনি ইসলামাবাদ উত্তর লরাবাগ চরপাড়া এলাকার আজিজুল হক বাবুর্চির স্ত্রী। অপরজন হলো, তার মেয়ে জন্নাতুল ফেরদৌস (১৩)। সে ইসলামাবাদ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানিয়েছে, টমটম চালক আবুল কালাম ও আজিজুল হকের পরিবারের মধ্যে বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে বিবাদমান দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আবুল কালাম (২৭) ধারালো দা দিয়ে আজিজুল হকের স্ত্রী রাশেদা ও তার মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন।

মা-মেয়ের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে আবুল কালাম পালিয়ে যান। পরে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

ঈদগাও থানার ওসি পরিদর্শক আবদুল হালিম বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যাকাণ্ডে ব্যবহৃত কিরিচ উদ্ধার করা হয়েছে। তবে আবুল কালাম পালিয়ে গিয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে। জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা পুলিশকে জানিয়েছে।’