জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ দেশ সমূহের মধ্যে অন্যতম বাংলাদেশ
বিশ্বব্যাপী সব দেশই কম-বেশি জলবায়ু পরিবর্তনে চ্যালেঞ্জের সম্মুখীন হয় বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বাংলাদেশ এক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশসমূহের একটি। যদিও বাংলাদেশ এর জন্য দায়ী নয়।
গতকাল সংসদ ভবনের এলডি হলে ইউনিসেফ বাংলাদেশ আয়োজিত ‘শিশুদের জলবায়ু ঘোষণাপত্র হস্তান্তর’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্পিকার এসব কথা বলেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ১৯৯২ হতে বাংলাদেশ ইউএনএফসিসি নীতিমালা অনুসরণ করে আসছে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ ইত্যাদি কোনো বিষয়েই বাংলাদেশ দায়ী নয়। তবুও পরিস্থিতি মোকাবিলায় আমাদের প্রচুর বৃক্ষরোপণ ও বনায়ন জরুরি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৈশ্বিকভাবে সবার সম্মিলিত প্রয়াস প্রয়োজন।
তিনি বলেন, শিশুরাই হতে পারে পরিবর্তনের নিয়ামক। শিশু ও নীতিনির্ধারকদের মধ্যে সেতুবন্ধন তৈরি করছে শিশুদের জলবায়ু ঘোষণাপত্র। শিশুরা কেমন গ্রহ ও পৃথিবী চায়, তা নীতিনির্ধারকদের জানাতে পারছে।