শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঝিনাইদহে আসামী ছিনতাই করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ

মোহাম্মদ খাইরুল আমিন • 07 মে 2022, 12:22 দুপুর • 264 বার পঠিত
ঝিনাইদহে আসামী ছিনতাই করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ

ঝিনাইদহের সদর উপজেলার মধুপুর চৌরাস্তা বাজারে আকিদুল ইসলাম (৩৮) নামে এক আসামিকে ছিনতাইয়ের ঘটনায় পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের পাঁচ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলিবর্ষণ করেছে পুলিশ। আহতরা হলেন-পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন, আশরাফুল ইসলাম, কনস্টেবল আশরাফুল ইসলাম, জামান হোসেন ও এলেম উদ্দীন।

শুক্রবার (০৬ মে) সন্ধ্যায় সদর উপজেলার মধুপুর বাজারের চা দোকানি আকিদুল ইসলামকে আড়াইশ গ্রাম গাঁজাসহ আটক করে সদর থানা পুলিশ। পরে সেখান থেকে তাকে থানায় আনতে গেলে আকিদুল নির্দোষ দাবি করেন। তখন বাধা দেয় স্থানীয় বাজার কমিটির লোকজন। একপর্যায়ে স্থানীয় এক ইউপি মেম্বর মিজানুর রহমান মিজুর নেতৃত্বে এলাকাবাসী পুলিশের ওপর হামলা করে আকিদুলকে ছিনিয়ে নিয়ে যায়। 

এসময় তারা পুলিশের দিকে ইটপাটকেল ছুড়তে থাকে। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল সেখানে পৌঁছালে সংঘর্ষ বেঁধে যায়। এতে পাঁচজন পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচ রাউন্ড শটগানের গুলি ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।  

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, এ ঘটনায় ১৫ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।