শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

জেনে নিন এবারের হজে কোন দেশ থেকে কতোজন যাচ্ছেন

মোহাম্মদ খাইরুল আমিন • 23 এপ্রিল 2022, 03:14 দুপুর • 620 বার পঠিত
জেনে নিন  এবারের হজে কোন দেশ থেকে কতোজন যাচ্ছেন

একথা এখন বেশিরভাগ মানুষ জানেন যে বাংলাদেশ থেকে এবার সৌদি আরবের পবিত্র ভূমিতে হজ করতে যেতে পারবেন ৫৭ হাজার ৫৮৫ জন। আর এই এপ্রিলের শুরুতে সৌদি সরকার ঘোষণা করে, এই বছর মোট ১০ লাখ মানুষ হজ করতে পারবেন। কিন্তু কোন দেশ থেকে কতজন হজে যেতে পারবেন?

এই বছর আসলে কোন দেশ থেকে কতোজন হজে যেতে পারবেন সেই কোটা ঠিক করে ফেলেছে সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়। সৌদি গেজেট আজ এই খবর জানিয়েছে। 

সৌদি গেজেটের সূত্র জানাচ্ছে, স্বাভাবিক অবস্থায় ইন্দোনেশিয়া থেকে বরাবর সবচেয়ে বেশি মানুষ হজে যাওয়ার সুযোগ পেয়ে থাকেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ইন্দোনেশিয়া থেকে ১ লাখ ৫১ জন এবার হজ করার সুযোগ পাচ্ছেন। যা সর্বোচ্চ। 

এবার দ্বিতীয় স্থানে আছে পাকিস্তান। তাদের দেশ থেকে হজে যাওয়ার সুযোগ দেওয়া হবে ৮১ হাজার ১৩২ জনকে। ভারত বিরাট দেশ। কিন্তু মুসলমান সেই তুলনায় খুব বেশি তা বলা চলে না। তবু এবারের হজে সবচেয়ে বেশি মানুষ যাওয়ার তালিকায় তৃতীয় স্থানে ভারতের অবস্থান। দেশটির ৭৯ হাজার ২৩৭ জন হজযাত্রী এবার সৌদি যাবেন।  

কোটায় চতুর্থ স্থানে বাংলাদেশের অবস্থান। আগেই বলা হয়েছে, বাংলাদেশ থেকে হজের সুযোগ পাবেন ৫৭ হাজার ৫৮৫ জন হজযাত্রী।

আফ্রিকার দেশগুলোর মধ্য থেকে সবচেয়ে বেশি ৪৩ হাজার ৮ জন এবার নাইজেরিয়া থেকে হজ করতে যাবেন। আর সবচেয়ে কম মানুষ সুযোগ পাচ্ছেন অ্যাঙ্গোলা থেকে। তাদের মাত্র ২৩ জনকে হজ করার অনুমতি দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়।

আফ্রিকা থেকে আরেকটি দেশের অনেক মানুষ হজের সুযোগ পাচ্ছেন। সেটি মিশর। দেশটি থেকে ৩৫ হজার ৩৭৫ জন হজে যেতে পারবেন।  

এশিয়ার দেশ ইরান থেকে বেশ একটি সংখ্যা দেখা যাবে হজে। এদেশ থেকে ৩৮ হাজার ৪৮১ জন যাবেন হজে। আর তুরস্ক থেকে যেতে পারবেন ৩৭ হাজার ৭৭০ জন। 

রাশিয়ার হামলার শিকার ইউক্রেন থেকে এই যুদ্ধের মধ্যেও সৌদি আরবে হজ করার সুযোগ পাবেন ৯১ জন। তবে রাশিয়া থেকে যাওয়া কাফেলা বড় হবে। মোট ১১ হাজার ৩১৮ জন হজযাত্রী থাকবে তাদের। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এবার হজে যাবেন ৯ হাজার ৫০৪ জন। 

গত দুই বছর করোনাভাইরাসের কারণে মক্কায় বিদেশিদের হজে যাওয়ার সুযোগ ছিল না। এই বছর সংখ্যা কমিয়ে চালু করা হচ্ছে তা। এবার যে ১০ লাখ মানুষ হজের সুযোগ পাচ্ছেন তার ৮৫ শতাংশ বিশ্বের নানা দেশ থেকে যাবেন। মানে সাড়ে আট লাখ মানুষ থাকবে বাইরের বিশ্বের। আর দেড় লাখ মানুষ থাকবেন সৌদি আরব থেকে।

গত বছর শুধু সৌদি আরবের ৫৮ হাজার ৭৪৫ জন হজ করতে পেরেছিলেন। স্বাভাবিক বিশ্বে আগে প্রতি বছর হজ করতে যাওয়া মানুষের সংখ্যা ২০ লাখ ছাড়াতো। 

এবারের হজযাত্রীদের জন্য দুই শর্ত। তাদের বয়স ৬৫ এর মধ্যে হতে হবে। দ্বিতীয় শর্ত হলো, পূর্ণ ডোজ টিকা নেওয়া থাকতে হবে। এছাড়া সৌদি আরবে রওনা হওয়ার আগের ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ সনদ লাগবে। প্রত্যেক হজযাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধও করা হয়েছে।