শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

জীবন্ত ঘোড়া নিয়ে প্রচারণা, কুসিক মেয়র প্রার্থীর জরিমানা 

মোহাম্মদ খাইরুল আমিন • 28 মে 2022, 02:10 দুপুর • 300 বার পঠিত
জীবন্ত ঘোড়া নিয়ে প্রচারণা, কুসিক মেয়র প্রার্থীর জরিমানা 

ব্যতিক্রমী নির্বাচনী মিছিল করতে চাইলেন কর্মী-সমর্থকরা। তাতে জরিমানা গুনলেন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী নিজাম উদ্দিন কায়সার। জীবন্ত ঘোড়া নিয়ে মিছিল করায় ৫০ হাজার টাকা জরিমানা দিতে হয়েছে তাকে।

আজ শনিবার সকালে কুমিল্লার কান্দিরপাড় এলাকায় নিজাম উদ্দিনের নির্বাচনী মিছিলে জীবন্ত ঘোড়া দেখা যায়। তার নির্বাচনী প্রতীক ঘোড়া। মিছিলটি ঘোড়া নিয়ে কান্দিরপাড় থেকে রাজাগঞ্জ বাজারের দিকে যায়।

নির্বাচনী আচরণবিধি বলছে, জীবন্ত প্রতীক নিয়ে নির্বাচনের প্রচার-প্রচারণা করা নিষিদ্ধ। আইন ভঙ্গ হয়েছে নিজাম উদ্দিনের নির্বাচনী মিছিলে। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা জানান, ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন তার নির্বাচনী প্রচারণায় জীবন্ত প্রাণী ব্যবহার করেছেন। তাই তার কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মেয়র প্রার্থী নিজাম উদ্দিন অবশ্য দাবি করেছেন তার নির্বাচনী মিছিলে জীবন্ত ঘোড়া নিয়ে বের হওয়ার ব্যাপারটি তিনি জানতেন না। তার সমর্থকরা তাকে না জানিয়ে জীবন্ত ঘোড়া নিয়ে মিছিল করেছেন।