শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

জাতীয় সংসদে এরশাদকে নিয়ে ব্যাপক হট্টগোল

মোহাম্মদ খাইরুল আমিন • 31 জানুয়ারী 2023, 09:07 সকাল • 249 বার পঠিত
জাতীয় সংসদে এরশাদকে নিয়ে ব্যাপক হট্টগোল

চলতি একাদশ জাতীয় সংসদে এ রকম বিশৃঙ্খলা আর দেখা যায়নি। জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদকে নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য মোতাহার হোসেনের একটি মন্তব্যের জেরে জাতীয় সংসদে ব্যাপক হট্টগোল ও বিশৃঙ্খলা হয়েছে। 

সোমবার বক্তব্যের একপর্যায়ে সংসদ সদস্য মোতাহার হোসেন  বলেন, ২০১৪ সালের নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী এইচ এম এরশাদের জামানত বাজেয়াপ্ত হয়েছিল। তাঁর এই বক্তব্যের কয়েক মিনিট পর শুরু হয় বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) প্রতিবাদ। একপর্যায়ে কাজী ফিরোজ রশীদ দাঁড়িয়ে মাইক ছাড়াই কথা বলতে শুরু করেন। এক সময় সংসদ কক্ষে হইচই শুরু হয়।

কাজী ফিরোজ রশীদ বলেন, এরশাদ নির্বাচনই (২০১৪ সালে) করেননি। তাঁর (মোতাহার) বক্তব্য এক্সপাঞ্জ (বাদ দেওয়া) করতে হবে। ক্ষমা চাইতে হবে। এ সময় আওয়ামী লীগের সংসদ সদস্যরাও হইচই শুরু করেন।

এই সময়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে তড়িঘড়ি করে সংসদ কক্ষে ঢুকতে দেখা যায়। ঢুকেই তিনি সভাপতির আসনে বসেন। 

তিনি (শিরীন শারমিন চৌধুরী) বলেন, ‘হাউসের একটি ডেকোরাম আছে। এখানে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা হচ্ছে। এখানে একজন বক্তা তাঁর বক্তব্য রাখছেন। সেই বক্তব্যে আপত্তিকর কিছু থাকলে সেটা আপনারা উত্থাপন করতে পারেন। কিন্তু এ জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। উনি ওনার বক্তব্য শেষ করবেন। আপনারা হাত তুলবেন। আমরা যখন মনে করব আপনাদের সুযোগ দেওয়ার বিষয়ে আছে, আমরা সেই সুযোগ দেব। আপনাদের কথাও শোনা হবে। যদি এমন কোনো বিষয় থাকে, যেটা এক্সপাঞ্জ করার প্রয়োজনীয়তা আছে, সেটা বিবেচনায় নিয়ে ব্যবস্থা নেওয়ারও সুযোগ আছে।’

স্পিকারের বক্তব্যে পরিস্থিতি শান্ত হয়। পরে আবার বক্তব্য শুরু করেন সংসদ সদস্য মোতাহার হোসেন। 

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৪ সালের নির্বাচনে লালমনিরহাট–১ আসনে এরশাদের প্রার্থিতা ছিল। তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। শেষ পর্যন্ত এরশাদ ভোট পেয়েছিলেন ৫ হাজার ৩৮১টি। আর মোতাহার পান ১ লাখ ৭৯ হাজার ৮১৪ ভোট।

পরে স্পিকার শিরীন শারমিন রুলিং দেন মোতাহার হোসেনের বক্তব্যে কোনো তথ্যগত ত্রুটি থেকে থাকলে সেটা বিবেচনা করে, পরীক্ষা করে এক্সপাঞ্জ করার ব্যবস্থা গ্রহণ করা হবে।