জাতীয় রাজনীতি স্বস্তিদায়ক অবস্থায় নেই: রুহুল কবির রিজভী
জামালপুর: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, বর্তমানে দেশের জাতীয় রাজনীতি স্বস্তিদায়ক অবস্থায় নেই। তিনি বলেন, ৫ আগস্টের রক্তঝরা আন্দোলনের পর দেশের মানুষ শান্তিময় রাজনীতির প্রত্যাশা করেছিল, যা এখনো পূরণ হয়নি।
বুধবার বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ গার্লস হাইস্কুল মাঠে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত অর্থসহায়তা ও অটোরিকশা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিজভী আরও বলেন, “গত ১৬ বছরে অনেক নেতা-কর্মী নিরুদ্দেশ হয়ে গেছে। গুম, হত্যা এবং নদীর পারে লাশ পাওয়া গেছে। তবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে জুলাই-আগস্টের অভ্যুত্থান বৃথা যায়নি।”
তিনি সংস্কার কমিশনের কার্যক্রমের প্রসঙ্গও তুলে ধরে বলেন, “কিছু বিষয়ে সবাই একমত, আবার কিছু বিষয়ে দ্বিমত। তবে পিআর বা আনুপাতিক ভোট নিয়ে হঠাৎ করে জোরজবরদস্তি শুরু করা হয়েছে, যা জনগণের কাছে পরিচিত নয়।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান। উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান (মিল্লাত) এবং জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।