শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

জাতীয় পরিচয়পত্র কার্যক্রমের নিয়ন্ত্রণ চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়

অনলাইন নিউজ পোর্টাল • 25 অক্টোবর 2020, 12:48 দুপুর • 173 বার পঠিত
জাতীয় পরিচয়পত্র কার্যক্রমের নিয়ন্ত্রণ চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়

জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশনের কাছ থেকে নিজেদের অধীনে নিতে চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো এসংক্রান্ত একটি প্রস্তাব পর্যালোচনার জন্য ইতিমধ্যে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

কমিটি আইনবিধি, সংবিধান ও সার্বিক চ্যালেঞ্জসমূহ পর্যালোচনা করে এ বিষয়ে মতামত দেবে। যদিও নির্বাচন কমিশন বলছে, এ বিষয়ে তাদের কিছুই বলা হয়নি। ইসির একাধিক কর্মকর্তা বলেছেন, এনআইডির পরিধি যেহেতু বেড়েছে, সেহেতু নির্বাচন কমিশনের অধীনে এ বিষয়ে অধিদপ্তর করলে ভালো হবে।

জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেন, ‘এ বিষয়ে এখনো আমাকে কিছুই জানানো হয়নি। এসংক্রান্ত কোনো প্রস্তাব এলে কমিশন সভা ডেকে সবার মতামতের ভিত্তিতে আমাদের বক্তব্য তুলে ধরব।’

সম্প্রতি এনআইডি নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। বিশেষ করে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণ, দ্বৈত ভোটার করা, একজনের এনআইডি অন্যের নামে সংশোধন করে সম্পত্তি বিক্রি ইত্যাদি অভিযোগ আসে। বিভিন্ন অনিয়মের ঘটনায় এ পর্যন্ত প্রায় ৪০ জন কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়। এমন প্রেক্ষাপটে সম্প্রতি এনআইডি নিবন্ধন কার্যক্রম নিজেদের অধীনে নিতে একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রস্তাবনায় বলা হয়েছে, নাগরিক নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধসহ অন্যান্য বিষয়ের জন্য এটি মন্ত্রণালয়ের দায়িত্বে দেওয়া দরকার।