শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

জাতীয় পার্টির ইফতার অনুষ্ঠানে ফের হামলার অভিযোগ

মোহাম্মদ খাইরুল আমিন • 19 মার্চ 2025, 10:15 রাত • 358 বার পঠিত
জাতীয় পার্টির ইফতার অনুষ্ঠানে ফের হামলার অভিযোগ

ঢাকা মহানগর উত্তর শাখার জাতীয় পার্টির ইফতার মাহফিলে আবারও হামলার অভিযোগ উঠেছে। বুধবার রাজধানীর কচুক্ষেত এলাকার একটি রেস্তোরাঁয় ইফতারের আগ মুহূর্তে একদল লোক হামলা চালায় বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

তিনি জানান, "বিকাল সোয়া ৫টার দিকে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের ইফতার অনুষ্ঠানে কিছু লোকজন হামলা করে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা এসে হামলাকারীদের এলাকা ছাড়া করেন। পরে আমরা ইফতার করেছি।"

উক্ত ইফতার অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরও উপস্থিত ছিলেন। জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী তার ফেইসবুক অ্যাকাউন্টে পোস্ট করা কয়েকটি ভিডিওতে দেখা যায়, একদল যুবক রাস্তায় মারধর করছে এবং তাদের হাতে লাঠি ছিল।

এ বিষয়ে কাফরুল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ও পুলিশের মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদের রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি।

ঘটনার পর জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের ফেইসবুকে একটি ভিডিও বার্তায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে প্রতিক্রিয়া জানান।

উল্লেখ্য, এর আগে গত ৮ মার্চ পল্লবীতে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের আরেকটি ইফতার মাহফিলে হামলার অভিযোগ উঠেছিল।