শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

জাতীয় ঐকমত্য তৈরির মাধ্যমে জাতীয় সনদ তৈরি করাই লক্ষ্য

ওএনপি২৪ নিউজ ডেস্ক • 03 মে 2025, 02:32 দুপুর • 276 বার পঠিত
জাতীয় ঐকমত্য তৈরির মাধ্যমে জাতীয় সনদ তৈরি করাই লক্ষ্য

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় ঐকমত্য তৈরি করে একটি জাতীয় সনদ তৈরি করা।

আজ জাতীয় সংসদের এলডি হলে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে সংলাপের সূচনা বক্তৃতায় তিনি এ কথা জানান।

অধ্যাপক আলী রীয়াজ আশা প্রকাশ করে বলেন, রাষ্ট্র পুনর্গঠন ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান থেকে কিছুটা ছাড় দেবেন।

তিনি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দল এবং তাদের আদর্শিক অবস্থান থেকে মতামত দেওয়া হয়েছে, এবং আশা করা হচ্ছে, জাতীয় স্বার্থে, রাষ্ট্র পুনর্গঠন এবং গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় প্রতিটি দল ও জোট কিছুটা ছাড় দিতে প্রস্তুত থাকবে। কারণ সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠন এবং উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, জুলাই মাসে গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, তা দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য অত্যন্ত প্রয়োজন।

তিনি আরও বলেন, “আমাদের এক জায়গায় আসতে হবে। এর মানে এই নয় যে, সব বিষয়ে আমরা একমত হব, তবে যেসব বিষয় রাষ্ট্র পুনর্গঠন, গণতান্ত্রিক ব্যবস্থা ও জবাবদিহি তৈরি করার জন্য গুরুত্বপূর্ণ, আশা করি সেখানে আমরা একমত হতে পারব। এটাই জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য।”

জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬টি প্রস্তাবের মধ্যে জাতীয়তাবাদী সমমনা জোট (এনপিপি) ১১২টি প্রস্তাবে একমত, ২৬টিতে একমত নয় এবং ২৮টিতে আংশিক একমত হয়েছে বলে জানান জোটের চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ।

বৈঠকে ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে জোটের ১১ জন নেতা অংশ নেন।

তিনি বলেন, যদি কোনো অনির্বাচিত সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকে, তবে তা বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে পারে।

আন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে ফরিদুজ্জামান ফরহাদ বলেন, “আপনি এমন একটা ভোট ব্যবস্থা তৈরি করুন, যাতে জনগণ বলতে পারে, দীর্ঘ ১৫ বছর পর আমরা এমন একটি ভোট দেখেছি।”

তিনি আরও বলেন, জনগণ যেন তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করে একটি সরকার গঠন করতে পারে।

বৈঠকে উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সদস্য সফর রাজ হোসেন, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান।

১২ ফেব্রুয়ারি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে ‘জাতীয় ঐকমত্য কমিশন’ গঠন করা হয়। সাত সদস্য বিশিষ্ট এই কমিশনের নেতৃত্বে রয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, এবং প্রধান উপদেষ্টার কার্যালয় এই কমিশনকে সচিবিক সহায়তা প্রদান করছে।