জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংবিধান সংশোধনীতে মতামত জমা দিল বিএনপি
বিএনপি জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংবিধান সংস্কার প্রস্তাবের বিষয়ে লিখিত মতামত জমা দিয়েছে। রবিবার (২৩ মার্চ) দুপুরে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনে গিয়ে এই মতামত প্রদান করে।
মতামতে বিএনপি সংবিধানের প্রস্তাবনা পরিবর্তনের সুপারিশের বিরোধিতা করেছে এবং ১৯৭১ ও ২০২৪ সালকে এক কাতারে আনার সমালোচনা করেছে। দলটি রাষ্ট্রের নাম পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখছে না এবং সংবিধানের মূলনীতি পরিবর্তনের বিপক্ষে অবস্থান নিয়েছে। বিএনপি মনে করে, গণপ্রজাতন্ত্রের পরিবর্তে নাগরিকতন্ত্র শব্দের ব্যবহার অযৌক্তিক।
বিএনপি সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা স্বীকার করলেও গণপরিষদ ভোটের প্রয়োজনীয়তা নিয়ে দ্বিমত পোষণ করেছে। বিচার বিভাগের অধিকাংশ সুপারিশের বিষয়ে একমত থাকলেও নির্বাচন কমিশনের দায়বদ্ধতা সংসদীয় কমিটির অধীনে রাখার বিপক্ষে মত দিয়েছে। এছাড়া, এনআইডি নির্বাচন কমিশনের হাতে রাখার পক্ষে অবস্থান নিয়েছে, যাতে কমিশন অন্য প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল না হয়।
জাতীয় ঐকমত্য কমিশন সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও বিচার বিভাগ সংস্কার নিয়ে ১৬৬টি সুপারিশ দিয়েছে এবং মতামত চেয়ে ৬ মার্চ ৩৭টি রাজনৈতিক দলকে চিঠি পাঠায়। এরই ধারাবাহিকতায় বিএনপি তাদের দলীয় মতামত লিখিতভাবে জমা দিল।