জাতীয় নির্বাচনের রোডম্যাপ বৃহস্পতিবার ঘোষণা হতে পারে : ইসি সচিব
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, “আমরা যে কর্মপরিকল্পনা করেছি, তা আপনাদের জানাবো। আমি ঢাকার বাইরে থাকায় কিছুটা দেরি হয়েছে। এখন বিষয়টি আমার টেবিলে আছে। আগামীকাল পর্যন্ত অপেক্ষা করুন।”
ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা অনুমোদন করেছেন।
ইসির কর্মকর্তারা জানিয়েছেন, অনুমোদন পাওয়ায় এখন যেকোনো সময় রোডম্যাপটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
একজন নির্বাচন কমিশনার বলেন, “কর্মপরিকল্পনার সব বিষয় চূড়ান্ত হয়েছে, অনুমোদনও দেওয়া হয়েছে। এখন শুধু টাইপিং চলছে।”
উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ইসি ইতোমধ্যে দল নিবন্ধন, সীমানা পুনর্নির্ধারণ, নির্বাচন পর্যবেক্ষক অনুমোদন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংস্কার, বিধিমালা ও নীতিমালা জারি, প্রবাসীদের জন্য আইটি-সাপোর্টেড নিবন্ধন ও ডাকযোগে ভোটের ব্যবস্থা (পোস্টাল ব্যালট), এবং নির্বাচনী সরঞ্জাম কেনাকাটার মতো বিষয়গুলো রোডম্যাপে অন্তর্ভুক্ত করেছে।