জার্মানিতে লকডাউন সংক্রান্ত নানা বিধি-নিষেধের বিরুদ্ধে বিক্ষোভ
জার্মানিতে মহামারি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জারি করা লকডাউন সংক্রান্ত নানা বিধি-নিষেধের বিরুদ্ধে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ।
শনিবার রাজধানী বার্লিনে ডানপন্থিরা এবং কোভিড-১৯ এর অস্তিত্বে বিশ্বাসী নয় এমন লোকজন ছাড়াও নানা গোষ্ঠীভূক্ত হাজারো মানুষ এই বিক্ষোভে যোগ দেন।
তারা জানান, এসব বিধি-নিষেধ মানুষের অধিকার ও স্বাধীনতার পরিপন্থী। এছাড়াও তাদের অভিযোগ, ‘মেকী করোনাভাইরাস সতর্কতা’ জারি করে মুখে লাগাম পরতে বাধ্য করা হচ্ছে তাদের।
আয়োজকরা প্রাথমিকভাবে আশা করেছিল পাঁচ লাখ বিক্ষোভকারী তাতে অংশ নেবেন। কিন্তু পুলিশের ধারণা বিক্ষোভ প্রায় ১৭ হাজার মানুষ অংশ নেন। আয়োজকরা স্বাস্থ্য-সুরক্ষা মেনে না চলায় পুলিশ বিক্ষোভ ছত্রভঙ্গ করে দেয়। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে এমন বিক্ষোভের ডাক দেয়ায় আয়োজকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
জার্মান সরকার দ্বিতীয় দফায় করোনার সংক্রমণ শুরু হওয়ার বিষয়ে সতর্কতা দেয়ায় এমন বিক্ষোভ দেখা দেয়।