জার্মানিতে বাড়ছে ইহুদি-বিদ্বেষ
ফিলিস্তিনের ওপর ইসরায়েলের সামরিক আগ্রাসনের ফলে সৃষ্ট চলমান রক্তক্ষয়ী সংঘর্ষ জার্মানিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করছে। ইসরায়েল বিরোধী প্রতিবাদ-বিক্ষোভ অনেক ক্ষেত্রে ইহুদি বিদ্বেষের রূপ নেয়ায় জার্মানিতে দুশ্চিন্তা বাড়ছে। ইসরায়েল ও গাজায় অশান্ত পরিস্থিতির প্রেক্ষাপটে বিশ্বের অনেক প্রান্তে মানুষ পথে নেমে ক্ষোভ দেখাচ্ছেন। অনেক বিক্ষোভে ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ দেখা যাচ্ছে।
ইসরায়েল-বিরোধী প্রতিবাদ-বিক্ষোভের জের ধরে জার্মানিতে ইহুদি উপাসনালয় ও স্থাপনার উপর হামলার ঘটনা বাড়ছে। অদূর ভবিষ্যতে এমন আরও অপ্রিয় ঘটনার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
জার্মানিতে বসবাসরত ফিলিস্তিনিদের একাংশ ছাড়াও চরম বামপন্থি এবং চরম দক্ষিণপন্থিরা এমন বেপরোয়া অপরাধের ঘটনায় জড়িয়ে পড়তে পারে।
বুধবার তিনটি শহরে ১২ জনেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। জার্মানি ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বর্ষপূর্তি হিসেবে বুধবার অনেক শহরে ইসরায়েলি পতাকা শোভা পাচ্ছিল। সেই পতাকা নষ্ট করার বেশ কয়েকটি ঘটনাও ঘটেছে।
জার্মানির কেন্দ্রীয় ইহুদি সংগঠন বৃহস্পতিবার সিনাগগের সামনে প্রতিবাদ-বিক্ষোভ ও হামলার ঘটনার তীব্র সমালোচনা করেছে। পশ্চিমে গেলজেনকিয়ের্শেন শহরে সিনাগগের সামনে ফিলিস্তিনি ও তুর্কি পতাকা নিয়ে অনেক মানুষকে ইহুদি-বিদ্বেষী বুলি আওড়াতে শোনা গেছে।
জার্মান প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ারও কড়া ভাষায় ইহুদি-বিদ্বেষের সমালোচনা করেছেন। বৃহস্পতিবার থেকেই জার্মানির সিনাগগগুলির নিরাপত্তা আরো কড়া করা হয়েছে।