শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

জাপার দুই পক্ষের নেতাদের সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

ওএনপি২৪ নিউজ ডেস্ক • 22 আগস্ট 2025, 12:59 দুপুর • 187 বার পঠিত
জাপার দুই পক্ষের নেতাদের সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

জাতীয় পার্টির (জাপা) দুই পক্ষের নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) তিন সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে গণতন্ত্র, নির্বাচনী সংস্কার এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে প্রথম বৈঠক হয় জাপার চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে রাজধানীর বনানীর একটি হোটেলে। এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য মইনুর রাব্বী চৌধুরী ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহফুজুর রহমান। আইআরআই প্রতিনিধিদলে ছিলেন এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পরিচালক স্টিফেন সীমা, উপপরিচালক ম্যাথিউ কার্টার এবং সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ।

পরে বনানীতে জাপার আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বাধীন অংশের নেতাদের সঙ্গে বৈঠক করেন আইআরআই প্রতিনিধি দল। বৈঠকে উপস্থিত ছিলেন দলটির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক এবং মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকগুলোতে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী সংস্কারের প্রয়োজনীয়তা এবং অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন আয়োজনের অগ্রগতি নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে।