জাপানের পররাষ্ট্রমন্ত্রীর চীন সম্পর্কিত বিষয়ে উদ্বেগ প্রকাশ
লন্ডনে গ্রুপ অব সেভেনের (জি-৭) মন্ত্রী পর্যায়ের বৈঠকের দ্বিতীয় দিনে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি চীন সম্পর্কিত বেশ কয়েকটি বিষয়ে ক্রমবর্ধমান উদ্বেগ প্রকাশ করেছেন।
বুধবার কিয়োডো সংবাদ সংস্থা জানিয়েছে, পূর্ব চীন ও দক্ষিণ চীন সাগরে অস্থিরতা সৃষ্টিতে চীনের ভূমিকা, তাইওয়ান ও হংকং-এর আশেপাশে চীনের সামরিক তৎপরতার ওপর জোর দিয়েছেন মোতেগি।
জিনজিয়াং প্রদেশে উইগুর মুসলিম সংখ্যালঘুদের মানবাধিকার নিয়ে বেইজিং যা করছে, তা ‘গুরুতর উদ্বেগের’ সৃষ্টি করেছে বলে জানিয়েছে। মোতেগি বৈঠকে আঞ্চলিক বিষয়গুলি নিয়েও আলোচনা করেন।
এর আগে সোমবার মোতেগি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকে চীনকে মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হন।
তারা পূর্ব চীন এবং দক্ষিণ চীন সাগরে অস্থিরতা সৃষ্টির যে কোনও একতরফা অপচেষ্টার বিরোধিতা করতে সম্মত হন। তারা জিনজিয়াংয়ে উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।