জাপানে ভারী বৃষ্টিপাতের মধ্যে ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটেছে
জাপানের সমুদ্র তীরবর্তী আতামি শহরে ভারী বৃষ্টিপাতের মধ্যে ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় শহরের মধ্য দিয়ে পাহাড়ের ওপর থেকে প্রবল বেগে কালো কাদা মাটির স্রোতধারা সাগরের দিকে নেমে আসে। কাদা মাটির তোড়ে বেশ কয়েকটি ঘর-বাড়ি ধ্বংস হয়ে যায়।
স্থানীয় সকাল সাড়ে ১০টার দিকে এই ভূমিধসের ঘটনা ঘটে। পুলিশ, ফায়ার সার্ভিস এবং জাপান সেনাবাহিনীর সদস্য উদ্ধার তৎপরতায় যুক্ত হয়েছেন।
জাপানের প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগা প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় এলাকায় ভারী বর্ষণের ফলে সৃষ্ট যেকোনো বিপর্যয় ও বড় ধরনের জরুরি পরিস্থিতি মোকাবেলায় একটি টাস্কফোর্স গঠন করেছেন।
বর্ষাকালে জাপান কাদামাটি ধস এবং বন্যার ঝুঁকিতে পড়ে। গত বছর জুলাইয়ে বন্যায় কয়েক ডজন মানুষ মারা যান এবং ২০১৮ সালে পশ্চিম জাপানের বিভিন্ন অংশ ডুবে গিয়েছিল, সে সময় ২০০ জনেরও বেশি মানুষ মারা যান।