শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উ. কোরিয়া

অনলাইন নিউজ পোর্টাল • 15 সেপ্টেম্বর 2021, 04:18 দুপুর • 248 বার পঠিত
জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উ. কোরিয়া

এবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পূর্ব উপকূলের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। বুধবার সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

এদিকে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা স্বীকার করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস)। এর আগে জেসিএস অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছিল।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী নিশ্চিত করেছে, উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

জাপানের কোস্টগার্ডও নিশ্চিত করেছে, উত্তর কোরিয়া একটি বস্তু নিক্ষেপ করেছিল এবং সেটা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে।

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা এই উৎক্ষেপণকে আপত্তিকর আখ্যা দিয়ে বলেছেন, এটি অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি।

উত্তর কোরিয়া দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল গত সোমবার।  পরীক্ষা চালানো এসব মিসাইল ১৫০০ কিলোমিটার (৯৩০ মাইল) দূরের লক্ষবস্তুতে সফলভাবে আঘাত করতে পারে। অর্থাৎ পিয়ংইয়ংয়ের ক্রুজ মিসাইল জাপানের বেশিরভাগ স্থানে আঘাত করতে সক্ষম।