জানুয়ারিতে ১ কোটি ৬০ লাখ শিক্ষার্থী পাবে ইউনিক আইডি কার্ড
আসছে নতুন বছরে প্রথম মাস থেকেই সারাদেশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের নতুন ইউনিক আইডি বা অভিন্ন পরিচয়পত্র দেওয়া হবে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত এসব শিক্ষার্থীর সংখ্যা হবে এক কোটি ৬০ লাখ। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, চলমান মুজিববর্ষ উপলক্ষে নির্ধারিত সময়ের এক মাস আগে অর্থ্যাৎ ডিসেম্বরে দেশের নির্বাচিত কিছু উপজেলার শিক্ষার্থীরা ইউনিট আইডি পাবে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, চলতি বছর থেকে শিক্ষার্থীদের রোল নম্বরের পরিবর্তে ইউনিক আইডি দেওয়ার পরিকল্পনা নেয় সরকার। এজন্য শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ শুরু করেন বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) অধীনে 'ইন্টিগ্রেটেড এডুকেশনাল ইনফরমেশন সিস্টেম' (আইইআইএমএস) প্রকল্পের কর্মকর্তারা। তারা প্রতি শিক্ষার্থীর জন্মনিবন্ধনসহ মোট ১৫ ধরনের তথ্য সরবরাহ করতে অভিভাবকদের নির্দেশ দেন।