জামিন পেলেন সিকদার গ্রুপের এমডি রন হক
এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) দুজনকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদারেরর জামিন দিয়েছেন আদালত।
শুক্রবার ঢাকা মহানগর হাকিম মো. আশেক ইমামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন আদালতে রন হককে হাজির করে পুলিশ। গুলশান থানার হত্যা চেষ্টা মামলায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। অপর দিকে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে সকাল ১০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি বাবার মৃত্যুর সংবাদ পেয়ে দেশে ফেরেন।
এক্সিম ব্যাংকের এমডি দুজনকে হত্যাচেষ্টার অভিযোগে গত বছরের ১৯ মে এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ গুলশান থানায় রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে মামলা করে। মামলার পর এয়ার অ্যাম্বুলেন্সে করে দুই ভাই দেশ ছাড়েন। নিজেদের চার্টার্ড বিমানে করে তারা থাইল্যান্ডে পাড়ি জমান।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, পুরো ঘটনাটি ৫০০ কোটি টাকা ঋণ প্রস্তাব নিয়ে। এই ঋণের বিপরীতে বন্ধকি সম্পত্তি পরিদর্শনের নামে এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে ডেকে আনা হয়েছিল।
এ সময় জামানত হিসেবে ওই সম্পত্তির বন্ধকি মূল্য কম উল্লেখ করেন ব্যাংকটির এমডি ও অতিরিক্ত এমডি। এরপরই গুলি ও মারধরের ঘটনা ঘটে। রন হক সিকদার ও দিপু হক সিকদার ব্যাংকটির এমডির কাছে একটি সাদা কাগজে জোর করে স্বাক্ষর নেন।
এদিকে গত বুধবার দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রন হক সিকদারের বাবা সিকদার গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার।