শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

জামিন মঞ্জুর, সম্রাটের মুক্তিতে বাধা নেই

মোহাম্মদ খাইরুল আমিন • 11 মে 2022, 11:55 দুপুর • 592 বার পঠিত
জামিন মঞ্জুর, সম্রাটের মুক্তিতে বাধা নেই

চার মামলার তিনটিতে জামিন পেয়েছেন আগেই। ৬ মাসের সাজাও শেষ হয়েছে অনেকদিন হলো। বাকি ছিল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় জামিন পাওয়া। আজ বুধবার সেটিও পেয়ে গেলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। তাই তার মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন সম্রাটের আইনজীবি।

আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান দুদকের মামলায় শুনানি শেষে সম্রাটের জামিন মঞ্জুর করেন।

সম্রাটের আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন হিরা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সম্রাটের বিরুদ্ধে করা চার মামলার তিনটিতে আগেই জামিন মঞ্জুর করেছেন আদালত। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের দেওয়া ছয় মাসের সাজা শেষ হয়েছে বেশ আগে। বাকি থাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় আজ জামিন পেয়েছেন সম্রাট। এখন তার মুক্তিতে আর কোনো বাধা নেই।

তিন শর্তে জামিন পেয়েছেন সম্রাট। ১. আদালতের অনুমতি ছাড়া দেশ ত্যাগ করতে পারবে না। ২. পার্সপোর্ট জমা দিতে হবে এবং ৩. স্বাস্থ্যগত পরীক্ষার প্রতিবেদন আগামী ধার্য তারিখে জমা দিতে হবে। ১০ হাজার টাকা মুচলেকায় ৯ জুন পর্যন্ত সম্রাটের জামিন মঞ্জুর করা হয়েছে। 

দুদকের মামলার অভিযোগ থেকে জানা যায়, সম্রাটের বিরুদ্ধে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২০১৯ সালের ১২ নভেম্বর তার বিরুদ্ধে মামলাটি করেন দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম। ২০২০ সালের ২৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

২০১৯ সালের ৬ অক্টোবর ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাকে নিয়ে দুপুর দেড়টার দিকে তার কাকরাইলের কার্যালয়ে অভিযান চালানো হয়। সেখান থেকে বিদেশি মদ, পিস্তল ও বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয়। 
 
পরে বন্যপ্রাণীর চামড়া রাখার দায়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। ওই দিনই রাত পৌনে ৯টার দিকে সম্রাটকে কারাগারে নেওয়া হয়।