জামালপুরে বন্যায় ৩৮ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
বন্যার পানি বৃদ্বির কারণে বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। জানা যায় এরই মধ্যেই সরিষাবাড়িতে ১০টি ও ইসলামপুরে ২৮টি শিক্ষা প্রতিষ্ঠান পানি ওঠার ফলে বন্ধ হয়ে গেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আরো বন্ধ হবার কথাও জানান দায়িত্বপ্রাপ্তরা।
এদিকে দেওয়ানগঞ্জে বিভিন্ন স্কুলে বানভাসিরা আশ্রয় নেয়ার ফলে পাঠদান বন্ধ হয়ে গেছে।
যমুনা, ব্রহ্মপুত্রসহ শাখা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। রোববার সন্ধ্যা পর্যন্ত যমুনার পানি বেড়ে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।
সরিষাবাড়ী উপজেলায় ১৬টি গ্রাম প্লাবিত হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে পানি প্রবেশ করায় শিক্ষার্থীদের পাঠদান বন্ধ করে দিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আস্তে আস্তে আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু জানান, পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়নি। বন্যা পরিস্থিতি মোকাবিলায় সবধরনের প্রস্তুতি রয়েছে।