জাল নোটের কথা বলে গ্রাহকের লাখ টাকা নিয়ে উধাও
খুলনায় জাল নোট আছে বলে গ্রাহকের প্রায় এক লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে প্রতারক চক্র। রোববার দুপুরে ইসলামী ব্যাংকের দৌলতপুর শাখায় এঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মোহসিনা সুলতানা পান্না থানায় অভিযোগ দায়ের করেছেন।
দৌলতপুর থানার এসআই অরূপকুমার জানান, দৌলতপুরস্থ ইসলামী ব্যাংক থেকে এক লাখ টাকা উত্তোলন করেন মোহসিনা সুলতানা পান্না। ব্যাংকের কাউন্টারে দাঁড়িয়ে টাকা গুনে নিচ্ছিলেন তিনি। এসময়ে একজন প্রতারক এগিয়ে এসে তার বান্ডেলে জাল টাকা আছে বলে দেখে। পরে নোটগুলো পরিবর্তনের কথা বলে বান্ডেলটি সেই প্রতারক হাতে নেয়। কিছু নোট ঠিক আছে বলে ব্যাংক গ্রাহক মোহসিনা সুলতানা পান্নাকে দিয়ে বাকি টাকা পরিবর্তনের কথা বলে চম্পট দেয় প্রতারক। এক লাখ টাকার বান্ডেল থেকে কিছু টাকা ধরিয়ে দিয়ে পুরো বান্ডেলটাই তিনি নিয়ে গেছেন।
এ ব্যাপারে দৌলতপুর থানার ওসি হাসান আল মামুন জানান, ঘটনার পরপরই উক্ত ব্যাংকের সব ভিডিও ফুটেজ জব্দ করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, প্রতারক চক্রের দু'জন ছিলেন এ কাজে। অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন তিনি। সূত্র: ইউএনবি