জাকসু নির্বাচনে প্রথমবার প্রার্থী নেপালি শিক্ষার্থী আবিদ হুসাইন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে প্রথমবারের মতো একজন বিদেশি শিক্ষার্থী প্রার্থী হয়েছেন। ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ও নেপালের বারা জেলার বাসিন্দা মো. আবিদ হুসাইন স্বতন্ত্র প্রার্থী হিসেবে সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে লড়ছেন।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে আবাসিক আবিদ নির্বাচিত হলে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করতে চান। তার পরিকল্পনার মধ্যে রয়েছে— বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আইইএলটিএস ও জিআরই-র মতো কোর্স আয়োজন, অর্থনৈতিকভাবে দুর্বল শিক্ষার্থীদের জন্য তহবিল সংগ্রহ, রক্তদাতা সংগঠনকে ডিজিটাল প্রক্রিয়ায় রূপান্তর এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা।
আবিদ বলেন, “শুধু ডিগ্রি নয়, দক্ষতা অর্জনও জরুরি। বিশ্ববিদ্যালয়ের কাজ শিক্ষার্থীদের মানবসম্পদে পরিণত করা। কিন্তু সে জায়গায় ঘাটতি রয়েছে।”
জাকসুর এই পদে মোট আটজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের প্রার্থী আবরার হক বিন সাজেদও আছেন। তবে প্রতিদ্বন্দ্বীরা আবিদের প্রার্থিতাকে ইতিবাচক হিসেবেই দেখছেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক আবরার বলেন, “তিনি বিদেশি। অন্য দেশের নাগরিক জাকসুতে নির্বাচন করছে, আমরা পজিটিভলি দেখছি। এটা প্রমাণ করে জাহাঙ্গীরনগর বৈশ্বিক এবং সবার।”
জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক খো. লুৎফুল এলাহী জানান, “আবিদকে আমরা বিদেশি হিসেবে দেখছি না। অন্যান্য শিক্ষার্থীর মতোই তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র।”
আবিদের প্রার্থিতা নিয়ে নেপালি প্রাক্তন শিক্ষার্থীরাও গর্বিত। ফার্মেসি বিভাগের সাবেক শিক্ষার্থী সন্তোষ চৌধুরী বলেন, “আবিদের সাহস প্রশংসনীয়। নেপাল থেকে যারা জাবিতে পড়তে আসবে তাদের জন্য ভরসার জায়গা হয়ে উঠবে সে।” কাতারে কর্মরত আরেক নেপালি প্রাক্তন শিক্ষার্থী ইমতিয়াজ আনসারী বলেন, “বাংলাদেশি শিক্ষার্থীরা আগেই আবিদকে আপন করে নিয়েছে। আমি আশা করি, সে জয়লাভ করবে।”
২৯ আগস্ট থেকে শুরু হওয়া প্রচারণা চলবে ৯ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, এরপর সিনেট হল থেকে ফলাফল ঘোষণা করা হবে।