শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

জাফলংয়ে পর্যটকদের মারধর, আটক ২ 

মোহাম্মদ খাইরুল আমিন • 05 মে 2022, 06:03 বিকাল • 260 বার পঠিত
জাফলংয়ে পর্যটকদের মারধর, আটক ২ 

সিলেটের জাফলংয়ে ঈদে বেড়াতে যাওয়া পর্যটকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলা করেছেন প্রশাসন নিযুক্ত কয়েকজন স্বেচ্ছাসেবক। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার বিকেলে ওই্ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত একজন হলেন ইসলামপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে সেলিম মিয়া (২১), অন্যজন গোয়াইনঘাট উপজেলার পন্নগ্রামের প্রয়াত রাখাল চন্দ্র দাসের ছেলে লক্ষণ চন্দ দাস (২২)। 

আজ দুপুর দুইটার পর প্রশাসনের টিকিট কাউন্টারের সামনে পর্যটকদের পেটানোর ঘটনা ঘটে। 

পর্যটকদের পেটানোর ধারণ করা দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। চলে আসে আলোচনায়। একটি ভিডিওতে দেখা যায়, দুজন তরুণ স্বেচ্ছাসেবক লাঠি দিয়ে কয়েকজন তরুণকে বেধড়ক পেটাচ্ছেন। কয়েক তরুণী ও নারী তাদের থামানোর চেষ্টা করছিলেন। কিন্তু থামানো যাচ্ছিল না। উল্টো তারাও লাঞ্ছিত হয়েছেন।

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পর্যটন কেন্দ্র জাফলং অনেক আগে থেকে পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয় এক স্থান। এবারের ঈদে সেখানে অনেকে বেড়াতে গেছেন। 

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাহমিলুর রহমান জানান, এদিন দুপুরে টিকিট কাটা নিয়ে কথা কাটাকাটির জেরে এ ঘটনা ঘটে। তিনি বলেন, পর্যটকদের ওই দলটি টিকিট ছাড়াই জাফলং এলাকায় ঢুকতে চাইছিল। টিকিট কাউন্টারে থাকা স্বেচ্ছাসেবকদের সঙ্গে এ নিয়ে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বেচ্ছাসেবকরা পর্যটকদের উপর হামলা চালায়।

এই ঘটনাকে খুবই দুঃখজনক উল্লেখ করে ঘটনার দায় নিজের ওপর নেন তাহমিলুর রহমান। তিনি জানান, এর মধ্যে তিন জন স্বেচ্ছাসেবককে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় পুলিশকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নিতে বলা হয়েছে। 

গোয়াইনঘাট থানার ওসি কেএম নজরুল ইসলাম জানান, ভিডিওতে তারা দেখেছেন যে ৬/৭ জন মিলে পর্যটকদের পেটাচ্ছেন। সব হামলাকারীকে তারা চিহ্নিত করেছেন। দুইজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের আটক করতে
অভিযান চলছে।