ইউরোপের বৃহত্তম যুদ্ধের পরিকল্পনা করছে রাশিয়া: জনসন
ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, রাশিয়া ১৯৪৫ সালের পর ইউরোপে সবচেয়ে বড় যুদ্ধের পরিকল্পনা করছে। এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশ উসকানির জবাব দেবে না। গতকাল বিবিসির সোফি রাওয়ার্থকে একটি সাক্ষাৎকার দিয়েছেন বরিস জনসন। তিনি জার্মানির মিউনিখ শহরে বসে এ সাক্ষাৎকার দেন। একটি বার্ষিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে বিশ্বনেতারা এখন মিউনিখে জড়ো হচ্ছেন। বরিস জনসনও এ সম্মেলনে যোগ দিতে মিউনিখে গেছেন। সাক্ষাৎকারে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, সব লক্ষণ বলছে যে পরিকল্পনার (যুদ্ধের) বাস্তবায়ন ইতিমধ্যে এক অর্থে শুরু হয়ে গেছে। বরিস জনসন বলেন, গোয়েন্দা তথ্য বলছে, রাশিয়া এমনভাবে আগ্রাসন শুরু করতে চায়, যা ইউক্রেনের রাজধানী কিয়েভকে ঘিরে ফেলবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধে যে শুধু জীবনেরই ক্ষয় হবে, তা মানুষকে বুঝতে হবে।