শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ইউনূস-মোদি বৈঠকে বাংলাদেশ-ভারত সম্পর্কে আশার আলো দেখছি

মোহাম্মদ খাইরুল আমিন • 04 এপ্রিল 2025, 09:00 রাত • 492 বার পঠিত
ইউনূস-মোদি বৈঠকে বাংলাদেশ-ভারত সম্পর্কে আশার আলো দেখছি

বিমসটেক সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক দুই দেশের সম্পর্কে নতুন আশার সঞ্চার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৪ এপ্রিল) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দেশের ক্রীড়া অঙ্গনের বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, " বিমসটেকে (দুই দেশের প্রধানদের) বৈঠক আনন্দের। আমরা মনে করি ভূরাজনীতি ও বিশ্ব রাজনীতির বর্তমান যে প্রেক্ষাপট এবং বাংলাদেশ ও ভারতের এ অঞ্চলের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমাদের প্রধান উপদেষ্টা ড. ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক আমাদের সামনে একটা আসার আশার আলো তৈরি করছে। বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মধ্যে যে বিটারনেস (তিক্ততা) তৈরি হয়েছিল, সেটা যেন আর সামনে না যায় অথবা এটা যেন কমে আসে এ বৈঠকের মাধ্যমে তার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। আমি যতটুকু দেখেছি এ বিষয়ে দুজনেই আন্তরিক ছিলেন। যা নিঃসন্দেহে বাংলাদেশের মানুষকে এবং ভারতের মানুষদের উপকার করবে।"

এর আগে ক্রীড়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মির্জা ফখরুল। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় মোহাম্মদ আশরাফুল, হাবিবুল বাশার সুমন এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম প্রমুখ।