শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইউক্রেনের স্কুলে রাশিয়ার বোমা, বহু মৃত্যুর শঙ্কা

মোহাম্মদ খাইরুল আমিন • 08 মে 2022, 04:06 দুপুর • 691 বার পঠিত
ইউক্রেনের স্কুলে রাশিয়ার বোমা, বহু মৃত্যুর শঙ্কা

রাশিয়ার বিমান থেকে ফেলা বোমায় পূর্ব ইউক্রেনের একটি স্কুল ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এই হামলায় সেখানে অনেক মানুষের প্রাণনাশের আশঙ্কা করা হচ্ছে।

লুহান্সক অঞ্চলের গভর্ণর সেরহি হাইদাই ২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। বিলোহোরিভকার ওই স্কুলে ৬০ জন মারা যেতে পারেন বলে ধারণা করছেন তিনি।

ওই স্কুল ভবনের ভেতর ৯০ জন মানুষ আশ্রয় নিয়েছিল। তাদের মধ্যে ৩০ জনকে উদ্ধার করা গেছে। এর মধ্যে ৭ জন আহত। 

এই এলাকায় যুদ্ধ চলছে। ইউক্রেনের সেনারা রাশিয়ান বাহিনীর সঙ্গে লড়ছে। 

হাইদাই জানিয়েছেন, শনিবার রাশিয়ান বিমান থেকে এখানে বোমা ফেলা হয়। 

তার দাবি অবশ্য যাচাই করে নিশ্চিত হওয়া যায়নি। রাশিয়ার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়াও আসেনি। 

প্রায় দুই মাস আগে রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনে আগ্রাসণ চালানো শুরু করার পর থেকে লুহান্সক যুদ্ধের মধ্যেই আছে। রাশিয়ার সেনাদের সঙ্গে ইউক্রেনের সরকারি সেনারা লড়ে যাচ্ছে। 

বিলোহোরিভকায় শনিবার ব্যাপক যুদ্ধের খবর পাওয়া যায়। একটি ইউক্রেনীয় সংবাদপত্র জানায়, এই গ্রামটি অন্যতম রণক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। 

যে স্কুলটিতে বোমা হামলা করা হয়েছে সেটিতে আগুন লেগে গেলে ফায়ারফাইটাররা এসে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। গভর্নর টেলিগ্রামে জানিয়েছেন, প্রায় গোটা গ্রামই আশ্রয় নিয়েছিল স্কুলটার বেসমেন্টে। 

তিনি বলেন, আসলে এখানে কতোজন প্রাণ হারিয়েছে তা ধ্বংসস্তুপ পরিস্কার করলে জানা যাবে। তিনি আরো জানান, প্রতিবেশী গ্রাম শিপিলোভোতে একটি বাড়িতে ১১ জন বেসমেন্টে আটকে গেছে। সেখানে রাশিয়ান বাহিনী বোমা ছুড়ছে। উদ্ধারকর্মীরা ওই বাড়িতে পৌঁছানোর চেষ্টা করছেন। 

খবর এসেছে, রোববার সকাল থেকে পূর্ব ইউক্রেনে নতুন করে যুদ্ধ চলছে।